কর অব্যাহতি অর্থনীতির জন্য ক্ষতিকর: সাইফুর রহমান
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সোমবার বলেছেন, বর্তমানে দেশের দেড় ডজন শিল্প প্রতিষ্ঠান কর অব্যাহতির সুবিধা ভোগ করছে। নীতিগতভাবেই তিনি একে সমর্থন করেন না।
তার মতে, এই সুবিধা দেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ এবং অর্থনীতিকেও পুরোপুরি ধ্বংস করে দেয় এটি।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাইফুর রহমান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। আইএমএফ বর্তমানে কর অব্যাহতি না দেয়ার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সাথে বৈঠকের সময়ও আইএমএফ প্রতিনিধি দল এ ধরনের সুবিধা দেয়ার বিরোধিতা করেছে।
প্রতিনিধি দলটি এনবিআর ও দেশের ব্যাংকিং খাতে সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি পর্যবেক্ষণ করবে এবং এ ব্যাপারে আইএমএফ বোর্ডের কাছে একটি প্রতিবেদন জমা দেবে।
সাইফুর রহমান বলেন, দেশের বড় বড় কিছু শিল্প প্রতিষ্ঠান বছরের পর বছর কোন কারণ ছাড়াই কর অব্যাহতি বা রেয়াতের সুবিধা ভোগ করে যাচ্ছে। কাজেই এ ব্যাপারে আইএমএফের মন্তব্য একেবারেই সঠিক। তিনি আরও বলেন, জনগণের টাকায় সরকার অবকাঠামো তৈরি করছে, আর ব্যবসায়ীরা কোনরকম কর না দিয়েই এ থেকে সবচেয়ে বেশী মুনাফা ভোগ করছে। এ অবস্থা বেশীদিন চলতে দেওয়া যায় না। একটা দেশের অর্থনীতির জন্য এটা খুবই খারাপ।
এনবিআরের পরিসংখ্যান অনুযায়ী কৃষি, ফার্মাসিউটিক্যালস ও টেক্সটাইলসহ বিভিন্ন খাতের ১৮ টি প্রতিষ্ঠান বর্তমানে এই সুবিধা ভোগ করছে।
উল্লেখ্য, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে (তিন পার্বত্য জেলা ব্যতীত) কর রেয়াত সুবিধার মেয়াদ পাঁচ বছর এবং অপর বিভাগগুলোতে (তিন পার্বত্য জেলাসহ) এই সুবিধার মেয়াদ সাত বছর।
