রমজানে নির্ধারিত মূল্য মাংস বিক্রি করতে মেয়রের আহ্বান
ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়র সাদেক হোসেন খোকা আসন্ন রমজানে নির্ধারিত মূল্য ও সঠিক ওজনে মাংস বিক্রির জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
নগর ভবনে সোমবার রমজান মাসে মাংসের মূল্য স্থিতিশীল রাখার জন্য রাজধানীর বিভিন্ন মাংস ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহবান জানান।
সোমবার ঢাকা সিটি কর্পোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় রমজান পর্যন্ত খাসির মাংস কেজি প্রতি ২শ টাকা, বকরী ও ভেড়ার মাংস ১শ ৮০ টাকা, গরুর মাংস ১শ ৪০ টাকা এবং মহিষের মাংস ১শ ২০ টাকা দরে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিটি দোকানে এই মূল্য তালিকা ঝুলিয়ে রাখতে বলা হয়েছে।
ব্যবসায়ীরা সভায় গাবতলী পশুর হাটের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, পশুর সেড নির্মাণ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য মেয়রের প্রতি আহ্বান জানান।
সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মর্তুজা অন্তু, মহাসচিব রবিউল আলম, ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল বাকের, মহাসচিব শামীম আহম্মেদ, ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন আহম্মদ ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কর্নেল আজিজুল হক।
