২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউতে ওভেন গার্মেন্টস রপ্তানি বেড়েছে সাড়ে ৫ শতাংশ

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত অর্থবছরে ওভেন গার্মেন্টস রপ্তানি প্রবৃদ্ধি ৫ দশমিক ৫ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। তবে চীনের ওপর আমদানি বিধিনিষেধ সত্ত্বেও ভারত ও তুরস্কের সঙ্গে তীব্র প্রতিযোগিতার কারণে রপ্তানি ব্যাপকভাবে বৃদ্ধি করা সম্ভব হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2006, 10:24 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, ২০০৫ - ০৬ অর্থবছরে ইউরোপীয় ইউনিয়নে ওভেন গার্মেন্টস রপ্তানি ৫ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পায়। এতে রপ্তানি আয় দাঁড়ায় ১৮০ কোটি ডলার, যা ২০০৪ - ০৫ অর্থবছরের রপ্তানি আয় ১৮৯ কোটি মার্কিন ডলারের চেয়ে কম। কোটা সুবিধার সময় এটাই ছিল সর্বোচ্চ রপ্তানি আয়।

ইপিবির এক কর্মকর্তা জানান, জার্মানি, আয়ারল্যান্ড এবং স্পেন ছাড়া বেশিরভাগ ইইউভূক্ত দেশে ওভেন গার্মেন্টস থেকে রপ্তানি আয়ের অংক ২০০৩--০৪ অর্থবছরের তুলনায় গত অর্থ বছরে হ্রাস পেয়েছে।

তিনি বলেন, গত দুই অর্থবছরে যুক্তরাজ্য, ফ্রান্স, নেদারল্যান্ডস, সুইডেন এবং ডেনমার্কে ক্রমান্বয়ে ওভেন গার্মেন্টস রপ্তানি হ্রাসের প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে।

ইপিবির পরিসংখ্যানে দেখা যায়, গত দুই অর্থবছরে ওভেন গার্মেন্টস রপ্তানি সুইডেন এবং ডেনমার্কে যথাক্রমে ৫২ মিলিয়ন ডলার এবং ১৫ মিলিয়ন ডলার থেকে হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ১১ মিলিয়ন এবং ৬ মিলিয়ন ডলারে।

ওই কর্মকর্তা জানান, ইইউ বাজারে ২০০৫-০৬ অর্থবছরে নিটওয়্যার রপ্তানি আয় ৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৯০ কোটি ডলারে। ইইউ এর জিএসপি সহায়তা প্রাপ্তির কারণে রপ্তানি আয় বৃদ্ধি করা সম্ভব হয়েছে।

সম্প্রতি ইইউ এর প্রকাশিত এক প্রতিবেদন দেখা যায়, ২০০৫ সালে বাংলাদেশে জিএসপি ব্যবহারের হার ছিল নিটওয়ার খাতে ৮৫ শতাংশ এবং নন - নিটওয়্যার খাতে সাড়ে ২৭ শতাংশ। এ দুই খাতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ২৭৮ কোটি মার্কিন ডলার এবং ১৬৯ কোটি মার্কিন ডলার।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক মোস্তাফিজুর রহমান রোববার বিডিনিউজ২৪ডটকমকে বলেন, ভারত ও তুরস্কের সঙ্গে তীব্র প্রতিযোগিতার পাশাপাশি গার্মেন্টস পণ্যের দাম কমার প্রেক্ষাপটে ২০০৫ সালের কোটামুক্ত হওয়ার সময়ের তুলনায় বর্তমান সময়ে ইইউ বাজারে দেশের ওভেন গার্মেন্টস রপ্তানির পরিমাণ অপেক্ষাকৃত ভাল।

তিনি এ খাতে ব্যয় কমানোর নীতির ওপর গুরুত্ব আরোপ করে বলেন, এ খাতে প্রতিযোগিতার সামর্থ্য বাড়াতে অবকাঠামো উন্নয়ন এবং নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে  হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এমএ রাজ্জাক বলেন, ইইউ যদি বর্তমানের কঠোর রুলস অব অরিজিন পরিবর্তন না করে, তাহলে বাংলাদেশ আগামী বছরগুলোতে ওভেন গার্মেন্টস রপ্তানি বৃদ্ধি করতে পারবে না।

দেশের ভর্তুকিযুক্ত পশ্চাদসংযোগ শিল্পনীতির বিরোধিতা করে তিনি বলেন, এ নীতিতে দীর্ঘ মেয়াদে প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানো সম্ভব নয়।