২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুদ্র উৎপাদনকারীদের কাছ থেকে বিদ্যুৎ কেনার সিদ্ধান্ত হবে এ সপ্তাহেই

জামালপুরের তারাকান্দীর যমুনা ফার্টিলাইজার লিমিটেডের (জেএফএল) কাছ থেকে বিদ্যুৎ (ক্যাপটিভ) কেনার ব্যাপারে এ সপ্তাহেই সিদ্ধান্ত নেবে বিদ্যুৎ বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2006, 08:53 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

বিদ্যুৎ বিভাগ সূত্র রোববার জানায়, ৩০ দিনের মধ্যে ৫ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহারের ব্যাপারে জেএফএলের সাথে আগামী ১৩ সেপ্টেম্বর চূড়ান্ত আলোচনা হবে। আলোচনা ফলপ্রসূ হলে এটিই হবে ক্ষুদ্র উৎপাদনকারীদের কাছ থেকে বিদ্যুৎ (ক্যাপটিভ) কেনার প্রথম উদ্যোগ।

জেএফএলের সাথে চুক্তি হওয়ার পর অব্যাহত আলোচনার অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ কুমিল্লার মেঘনা গ্র“প থেকে তিন মেগাওয়াট এবং চট্টগ্রামের পিএইচপি গ্র“পের কাছ থেকে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ কেনার ব্যাপারে আলোচনা চালাবে বলে সূত্র জানিয়েছে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী এম আনোয়ারুল কবির তালুকদার রোববার বিডিনিউজ২৪ডটকমকে জানান, জেএফএল জাতীয় গ্রিডে ৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগান দেবে এবং এক্ষেত্রে তারা প্রতিমাসে প্রতি মেগাওয়াটের জন্য ৭২ হাজার টাকা করে পাবে।

মন্ত্রী জানান, ক্ষুদ্র উৎপাদনকারীদের কাছ থেকে নেওয়া বিদ্যুৎ এখন থেকে জাতীয় গ্রিডের সাথে যুক্ত হতে যাচ্ছে। এর আগে এর কোন ব্যবহার ছিল না।

এর আগে বিদ্যুৎ উৎপাদনকারীরা তাদের প্রকৃত উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে বলে অব্যহৃত বিদ্যুৎ বিক্রি করতে চায়নি। এছাড়া চলমান বিদ্যুৎ ঘাটতির কারণে জনঅসন্তোষ সৃষ্টি হওয়ার ভয়েও তারা এ ব্যাপারে এগিয়ে আসতে চায়নি বলেও মন্ত্রী জানান।

বিদ্যুৎ বিভাগের পাওয়ার সেলের মহাপরিচালক বিডি রহমাতুল্লাহ জানান, অধিকাংশ কোম্পানি ও উৎপাদনকারী ক্রয়মূল্যের ব্যাপারে চিন্তিত নন। কিন্তু তারা চায়, চলমান উৎপাদন এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা।

তিনি বলেন, কোনও সমস্যা দেখা দিলে অতিরিক্ত ফিডার এবং অটো সুইচসহ আধুনিক প্রযুক্তি স্থাপনের ফলে কোম্পানিগুলো স্বয়ংক্রিয়ভাবে আলাদা হয়ে পড়বে বলে আমরা তাদের নিশ্চয়তা দিয়েছি।

সরকার সারা দেশের ক্ষুদ্র উৎপাদনকারীদের কাছ থেকে ১০০ থেকে ১৫০ মেগাওয়াট   বিদ্যুৎ (ক্যাপটিভ) ক্রয় করবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, কিছু কিছু উৎপাদনকারী সরকারের বেঁধে দেওয়া দামে বিদ্যুৎ বিক্রির ব্যাপারে অনীহা প্রকাশ করেছে।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, সরকার উৎপাদনকারীদের কাছ থেকে কিলোওয়াট - আওয়ার প্রতি এক দশমিক ৯০ পয়সা দামে বিদ্যুৎ কেনার প্রস্তাব করেছে। কিন্তু উৎপাদনকারীরা প্রথমে আড়াই টাকার বেশি মূল্য দাবি করেন।

বিদ্যুৎ বিভাগের ‘পাওয়ার সেল’- এর জরিপে দেখা যায়, বেসরকারি মালিকানার বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে ঢাকা থেকে ১০০ মেগাওয়াট এবং চট্টগ্রামের ক্ষুদ্র বিদ্যুৎ উৎপাদনকারীদের কাছ থেকে ৫০/৬০ মেগাওয়াট বিদ্যুৎ কেনা যেতে পারে।

উৎপাদনকারীরা তাদের নিজেদের জন্য উৎপাদিত বিদ্যুতের অতিরিক্ত অংশ বিক্রি করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে।

এজন্য পাওয়ার সেল দুই মাস আগে এসব বিদ্যুৎ কেনার জন্য উৎপাদনকারীদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করে। প্রস্তাবে সাড়া দিয়ে উৎপাদনকারীরা ইউনিট প্রতি ২ দশমিক ৫০ টাকা থেকে ৩ টাকা হারে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের ব্যাপারে আগ্রহ দেখায় বলে পাওয়ার সেল সূত্র জানায়।

সরকার গ্যাসের মাধ্যমে স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারীদের কাছ থেকে ১ দশমিক ৯১৮ টাকা হারে বিদ্যুৎ ক্রয় করছে।

পাওয়ার সেলের পাশাপাশি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উৎপাদনকারীদের দেওয়া দামে বিদ্যুৎ কেনার ব্যাপারে অনীহা প্রকাশ করে।

সম্প্রতি পাওয়ার সেল উদ্যোগী হয়ে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের সাথে আলোচনা শুরু করলেও উৎপাদনকারীরা দামের ব্যাপারে দৃঢ় অবস্থান নেয়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান এএনএম রিজওয়ান জানান, পাওয়ার সেল উৎপাদনকারীদের সাথে আলোচনার পর দাম নির্ধারণ করবে এবং তা প্রস্তাব আকারে পিডিবির কাছে পাঠাবে। আলোচনার মাধ্যমে নির্ধারিত দামে বিদ্যুৎ কেনা যায় কিনা পিডিবি তা বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।