২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানে ভর্তুকির জন্য ৩০০ কোটি টাকা চাওয়া হচ্ছে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আর্থিকভাবে সচ্ছল করতে সংশ্লিষ্ট কমিটি শিগগিরই সরকারের কাছে জরুরীভিত্তিতে প্রায় ৩০০ কোটি টাকা ভর্তুকি চাইবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2006, 06:19 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

কিন্তু এরই মধ্যে বিমানকে অর্থ মন্ত্রণালয় প্রাথমিকভাবে প্রায় দেড়শ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানা গেছে।

বিমানকে সচ্ছল করতে আর্থিক ভর্তুকি দেয়ার জন্য সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ড. এমএ মোমেনকে আহ্বায়ক করে গঠন করা চার সদস্যর উপ কমিটির অন্যতম সদস্য বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি ফ্লাইট ক্যাপ্টেন এসএম হেলাল বিডিনিউজ২৪ডটকমকে জানান, লোকসানী প্রতিষ্ঠান বিমানকে আর্থিকভাবে সচ্ছল করতে শিগগিরই উপ কমিটির পক্ষ থেকে বিমান কর্তৃপক্ষের কাছে প্রায় ৩০০ কোটি টাকার চাহিদাপত্র দেয়া হবে। এ ছাড়া কমিটির পক্ষ থেকে বিমানকে রক্ষায় আরেকটি সুপারিশমালাও দেয়া হবে।

তিনি জানান, কমিটির সদস্যরা এ বিষয়ে বৈঠক করে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছেন।

বিমানের এক মুখপাত্র জানান, সংস্থাটির কয়েকটি সংগঠনের সমন্বয়ে গঠিত বিমান সম্মিলিত সংগ্রাম পরিষদের সঙ্গে সরকারের সমঝোতা হওয়ার পর অর্থ মন্ত্রণালয় প্রাথমিকভাবে বিমানকে লোকসান কাটিয়ে উঠতে প্রায় দেড়শ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

তিনি জানান, সংশ্লিষ্ট উপ কমিটি চাহিদাপত্র জমা দিলে সরকার প্রয়োজনীয় আরো বরাদ্দ দেয়ার উদ্যোগ নেবে।

এর আগে আর্থিক ভর্তুকি দিয়ে বিমানকে অবিলম্বে সচ্ছল করার উদ্যোগ নেয়ার দাবিতে সম্মিলিত সংগ্রাম পরিষদ গত ৫ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে  দেশী -- বিদেশী ফ্লাইট চলাচল বন্ধ করাসহ সর্বাত্মক আন্দোলনের হুমকি দিয়েছিল।

এর আগের দিন ৪ সেপ্টেম্বর পরিষদ নেতাদের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন  প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক দীর্ঘ সমঝোতা বৈঠকের পর আন্দোলন কর্মসূচী প্রত্যাহার করে নেয়া হয়। বিমানকে রক্ষায় সমঝোতা বৈঠকে গঠন করা হয় ওই উপ কমিটি।

বিমানের উড়োজাহাজ বহরে পাঁচটি ডিসি -- ১০, চারটি এয়ারবাস ও তিনটি এফ -- ২৮ রয়েছে। ২৬ টি আন্তর্জাতিক ও সাতটি অভ্যন্তরীণ গন্তব্যে জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স বিমান ফ্লাইট পরিচালনা করছে।