ক্ষুদ্র ও মাঝারি শিল্প মেলা শুরু হচ্ছে সোমবার
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) উদ্যোগে সপ্তাহব্যাপী ৩য় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মেলা বাংলাদেশ - চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সোমবার শুরু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মেলা উদ্বোধনের কথা রয়েছে।
এসএমই ফেয়ার - ২০০৬ এর সব প্রস্তুতি শেষে মেলার আহবায়ক এবং এফবিসিসিআই সহ সভাপতি মোহাম্মদ আলী রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্যের প্রসার ও বিপণনসহ রপ্তানি সম্প্রসারণের জন্য তৃতীয়বারের মত এ মেলার আয়োজন করা হয়েছে।
তিনি জানান, এফবিসিসিআই এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মধ্যে চুক্তি অনুয়ায়ী এবারও শ্রেষ্ঠ উদ্যোক্তা প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হবে।
তিনি আরো বলেন, মেলা উপলক্ষে ক্ষুদ্র ও কুটির শিল্প এবং মাঝারি শিল্প- এই দুই বিভাগে উদ্ভাবনী উদ্যোক্তা বা পণ্য, ব্যবস্থাপনা, মান ও উৎপাদন এবং শ্রেষ্ঠ নারী উদ্যোক্তাসহ সাতটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।
মেলায় ১১১ টি স্টল এবং ৯টি প্যাভিলিয়নে তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, পাটজাত সামগ্রী, কৃষিভিত্তিক শিল্পজাত পণ্য, কারু পণ্য, প্লাস্টিক সামগ্রী এবং ইলেক্ট্রনিক্সসহ বিভিন্ন ধরনের সামগ্রী প্রদর্শন করা হবে।
আগামী ১১ - ১৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মেলা খোলা থাকবে।
মেলা চলার সময় চারটি সেমিনারের আয়োজন করা হবে। এসব সেমিনারে এসএমই এর অর্থায়নের সমস্যা, শিল্পায়নের জন্য এসএমইর প্রসার, বস্ত্র খাতের সমস্যা ও সম্ভবনা এবং প্লাস্টিক বর্জ্য পুঃপ্রক্রিয়াজাতকরণ নিয়ে আলোচনা করা হবে।
