২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুক্তি করতেই চার বছর

ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত চুক্তির প্রশ্ন আসলেই দেখা যায় বাংলাদেশ রয়েছে সবচেয়ে নাজুক অবস্থানে। এ মন্তব্য এসেছে বিশ্ব ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত এক বৈশ্বিক প্রতিবেদনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2006, 07:27 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

বিশ্বব্যাংক ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) এর যৌথভাবে প্রকাশিত ওই প্রতিবেদন অনুসারে  ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত চুক্তি সম্পাদনের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান করুণ-১৭৫ দেশের মধ্যে ১৭৪তম।

বাংলাদেশে একটি ব্যবসায়িক চুক্তি সম্পাদনে অন্তত ৫০টি ধাপ এবং এক হাজার ৪৪২ দিনের প্রয়োজন হয়। জরিপে দেখা যায়, শুধু আফগানিস্তানেই কোনো চুক্তি করতে এর চেয়ে বেশি  সময় লাগে। আফগানিস্তানে একই ধরনের চুক্তি  করতে এক হাজার ৬৪২ দিন লাগে। 

একই চুক্তি সম্পাদনে ভারতে ৫৬টি ধাপ এবং এক হাজার ৪২০দিন, পাকিস্তানে ৫৫টি ধাপে এবং ৮৮০দিনে এ ধরনের একটি ব্যবসায়িক চুক্তি সম্পাদিত হয়। নিউজিল্যান্ডে এধরনের চুক্তিতে ১০৯দিন, সিঙ্গাপুরে ১২০দিন, এবং ডেনমার্কে ১৯০দিনে দরকার হয়। দক্ষিণ এশিয়া ছাড়া সারা পৃথিবীতে শুধু কলম্বিয়া(১৩৪৬), জিবুতি(১২২৫) ও মিশর(১০১০) এ এক হাজারের বেশি দিন লাগে।

ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত এক তালিকায় সাত ধাপ পিছিয়ে গিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৮৮ তম। অবশ্য দক্ষিণ এশিয়ায় এ অবস্থান তৃতীয়। এর আগের বছরের এ তালিকায়  বাংলাদেশের অবস্থান ছিল ৮১তম।

বুধবার বিশ্বব্যাংক ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) থেকে যৌথভাবে প্রকাশিত ‘ব্যবসা-বাণিজ্য পরিচালনা ২০০৭: কীভাবে সংস্কার করা হবে’ শীর্ষক এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে দেখা যায়, তালিকায় ৫৩ তম অবস্থানে থেকে দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানটি নিয়েছে মালদ্বীপ। পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভারত ও ভুটানের অবস্থান যথাক্রমে ৭৪ তম, ৮৯ তম, ১০০ তম, ১৩৪  তম ও ১৩৮ তম।

প্রতিবেদনে ব্যবসা বাণিজ্যের জন্য উপযোগী হিসেবে চিহ্নিত ১০টি কারণ হলো- ব্যবসা-বাণিজ্য শুরু, লাইসেন্স প্রাপ্তি, শ্রমিক নিয়োগ, সম্পত্তি নিবন্ধিকরন, ঋণের প্রাপ্যতা, বিনিয়োগকারীদের রক্ষা, কর প্রদান, সীমান্ত বাণিজ্য, চুক্তির বাস্তবায়ন এবং ব্যবসা-বাণিজ্য বন্ধ করা।

ব্যবসা শুরুর ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ৬৮তম। লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে এ অবস্থান ৬৭তম, শ্রমিক নিয়োগে ৭৫, সম্পত্তি নিবন্ধীকরণে ১৬৭, ঋণের প্রাপ্যতার ক্ষেত্রে ৪৮, বিনিয়োগকারীদের সংবরণের ক্ষেত্রে ১৫, কর প্রদানে ৭২, সীমান্ত বানিজ্যে ১৩৪, চুক্তির বাস্তবায়নে ১৭৪ এবং ব্যবসা-বাণিজ্য বন্ধ করার ক্ষেত্রে এ অবস্থান ৯৩তম। 

বিনিয়োগকারীদের রক্ষার ক্ষেত্রে ভারত এবং পাকিস্তানের এ অবস্থান যথাক্রমে ৩৩ ও ১৯ তম।

প্রতিবেদনে দেখা যায়, বিশ্বে অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যাণ্ড ব্যবসা প্রক্রিয়াকরণে বন্ধুত্বপূর্ণ পরিবেশ রয়েছে।

প্রতিবেদনে আরো দেখা যায়, বাংলাদেশে ব্যবসা শুরু করতে ৮টি ধাপের মধ্য দিয়ে ৩৭দিন লাগে। ভারতে ১১টি ধাপে ৩৫দিনে, পাকিস্তানে ১১টি ধাপে ২৪দিনে, শ্রীলঙ্কায় ৮টি ধাপে ৫০দিনে, ভুটানে ১০টি ধাপে ৬২দিনে, নেপালে ৭টি ধাপে ৩১দিনে এবং মালদ্বীপে ৫টি ধাপে ১৩ দিনে ব্যবসা শুরু করা যায়।

গতবছরও বাংলাদেশে ব্যবসা শুরু করতে লাগতো ৩৫দিন যা কিনা এ বছর হয়েছে ৩৭দিন।  ভারত গতবছরের তুলনায়  এ বছর অনেক উন্নতি করেছে। ভারতের গত বছর ব্যবসা শুরু করতেই সময় লাগতো ৭১ দিন, যা এ বছর দাড়িয়েছে ৩৫ দিনে।

ব্যবসা শুরু ক্ষেত্রে  বাংলাদেশের মাথাপিছু আয়ের হিসেবে গতবছর শতকরা হারে ছিল ৮১ দশমিক ৪০, এ বছর তা দাড়িয়েছে শতকরা ৮৭.৬ এ। এছাড়া, ভুটানে ১৬.৬, নেপালে ৭৮.৫, ভারতে ৭৩.৭, পাকিস্তানে ২১.৩, শ্রীলঙ্কায় ৯.২। ডেনমার্কে ব্যবসা শুরু করতে এ হার শূন্যের কোঠায়, কানাডায় প্রয়োজন হয় শতকরা ১ভাগ।

বাংলাদেশে একটি লাইসেন্স প্রাপ্তিতেই ১৩টি ধাপে ১৮৫দিন সময় লাগে, ভারতে ১৯ ধাপে ২২৪দিন, পাকিস্তানে ১২টি ধাপে ২১৮দিন লাগে শুধু লাইসেন্স পেতেই।

সীমান্ত বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ১৩৪তম। ৩৫ দিন রপ্তানিতে এবং ৫৭দিন সময় লাগে শুধু আমদানির ক্ষেত্রে। ভারতে আমাদানির ক্ষেত্রে সময় লাগে ২৪ দিন ও রপ্তানী বাণিজ্যে ৪১দিন। পাকিস্তানে আমদানি ও রপ্তানিতে লাগে ১৪ ও ১৯ দিন।