২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খনিজ সম্পদের বিভিন্ন চুক্তি পুনঃমূল্যায়নের দাবি করলেন বি. চৌধুরী

দেশীয় স্বার্থবিরোধী খনিজ সম্পদের বিভিন্ন চুক্তি পুনঃমূল্যায়ন করা উচিত। এই চুক্তিগুলো দুর্নীতিযুক্ত এবং রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতেই তৈরি করা হয়েছে। এই অসম চুক্তিগুলোকে স্বচ্ছ করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2006, 08:10 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত ‘দেশীয় খনিজ সম্পদ রক্ষা এবং শিল্পায়নে রাজনীতিবিদদের ভূমিকা’ শীর্ষক আলোচনায় সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী একথা বলেন।

তিনি দেশের খনিজ সম্পদের মালিকানা জনগণের উল্লেখ করে বলেন, বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে সরকার ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

বিসিআই সভাপতি একে আজাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিকল্পধারা বাংলাদেশের সাধারণ সম্পাদক মেজর (অব.) আব্দুল মান্নান, তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ - বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ, গণস্বাস্থ্য এর জাফরুল্লাহ চৌধুরী, ড. নুরুল আমিন বেপারি, ফিরোজ আহমেদ এবং ব্যবসায়ী আব্দুল হক।   

বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী ও তার পরিবার যদি দুর্নীতিমুক্ত হয়, তবে দেশে দুর্নীতি হ্রাস পেতে বাধ্য। দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী ও তার পরিবার ক্ষমতাসীন হলে, তার মন্ত্রী এবং আমলারাও দুর্নীতিবাজ হবে। সারাদেশ দুর্নীতিতে ছেয়ে যাবে’।   

তিনি বলেন, ‘আগামী নির্বাচনে বিদ্যুৎ অগ্রগণ্য ইস্যু হবে, যদি বিদ্যুৎ নিশ্চিত করা যায়, তবে জিডিপিও দ্রুত বৃদ্ধি করা যাবে। তবে দেশীয় শিল্পপতিদের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করতে হবে। একই সঙ্গে বায়ু বিদ্যুৎ এবং সৌর বিদ্যুত উৎপাদনের ওপর জোর দিতে হবে’।

আনু মুহাম্মদ বলেন, খনিজ সম্পদের চুক্তির মাধ্যমে লুণ্ঠন ও পাচারের ব্যবস্থা করা হয়েছে। ফলে এ চুক্তিগুলোর মাধ্যমে জ্বালানি উৎপাদন ব্যয় যেমন বেড়ে যাচ্ছে, তেমনি দেশের সামগ্রিক প্রতিযোগিতার সক্ষমতা হ্রাস পাচ্ছে। 

তিনি বলেন, বিদেশী বিনিয়োগের নামে বিনিয়োগকারী ও ডাকাত উভয়ই দেশে ঢুকে পড়েছে। এদের মধ্যে পার্থক্য থাকতে হবে।  

আজাদ বলেন, জাতীয় স্বার্থবিরোধী বিদেশী কোম্পানিগুলো বিনা মূল্যে লাইসেন্স, কম মূল্যে গ্যাস ও বেশি সময়ের জন্য কর অবকাশ সুবিধা নিচ্ছে।

তিনি বলেন, বিদেশী কোম্পানিগুলো পূঁজি না এনে স্থানীয়ভাবে অর্থ সংগ্রহ করে ব্যবসা সম্প্রসারণ করছে। অথচ তারা নানা দাবী সত্ত্বেও পুঁজিবাজারে বিনিয়োগ করছে না।

সভায় বলা হয়, বাংলাদেশ পরিসংখ্যান অনুযায়ী ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত দেশে মোট বিদেশী বিনিয়োগ এসেছে ২ হাজার ১৮৫ মিলিয়ন মার্কিন ডলার। অথচ বিদেশী কোম্পানিগুলো এ সময়ে মুনাফা স্থানান্তর করছে ২ হাজার ৭৪০ মিলিয়ন মার্কিন ডলার।