২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের কঠোর সমালোচনায় সাইফুর

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সোমবার সরকারের কাছ থেকে অর্থ চাওয়ার আগে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ব্যয় কমানোর একটি পরিকল্পনা জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2006, 09:48 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মীর্জা ফকরুল ইসলাম আলমগীরের সাথে অর্থমন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, ‘বিমানের কর্মকর্তাদের আগামী ৩--৪ দিনের মধ্যে ব্যয় কমানোর একটি পরিকল্পনা তৈরির কথা বলেছি।’

অর্থমন্ত্রী জানান, ব্যয় কমানোর পরিকল্পনার ওপর ভিত্তি করে বিমানকে অর্থ দেওয়ার বিষয়টি তিনি বিবেচনা করবেন।

এছাড়া সর্বশেষ ৪--৫ বছরে অডিট না চালানোর জন্য তিনি বিমান পরিচালনা কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করেন।

এক প্রশ্নের জবাবে সাইফুর বলেন, বাংলাদেশী পাইলটরা বিশ্বমানের এবং বেতন না দেওয়া হলে তাদের ধর্মঘটে যাওয়ার অধিকার রয়েছে।

বৈঠকের পর বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিমান যে নগদ অর্থ সংকটে ভুগছে সে বিষয়ে আমরা অর্থমন্ত্রীকে অবহিত করেছি।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে রোববার অনুষ্ঠিত এক বৈঠকে রমজান মাসে ১১ প্রকার পণ্যের ওপর আমদানি শুল্ক হ্রাস সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সাইফুর বলেন, এই উপায়ে কেউ বাজার নিয়ন্ত্রণ করতে পারবে না।

এছাড়া সরকার আমদানিকৃত পণ্য বাজারজাতকরণে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর অক্ষমতার বিষয়েও অর্থমন্ত্রী সমালোচনা করেন।