রূপালী ব্যাংকের ঋণের পরিমাণ ১২শ’ কোটি টাকা
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের মোট দেনার পরিমাণ ১ হাজার ২০০ কোটি টাকা বা ১৭ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বিডিনিউজকে জানান, রূপালী ব্যাংকের দেনার পরিমাণ চূড়ান্ত করা নিয়ে কর্মকর্তারা ব্যস্ত। যেসব রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ বেশি সেগুলোর সাথে তারা বুধবার বৈঠকে বসবেন।
ওই কর্মকর্তা আরও জানান, এর বাইরে বেসরকারি খাত এবং ব্যাংকের কর্মকর্তাদের পেনশন ও স্বেচ্ছা অবসর খাতে ব্যাংকের খেলাপি ঋণ রয়েছে।
রূপালী ব্যাংকের সিংহভাগ শেয়ার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে খেলাপি ঋণ হিসেবে আটকে আছে বলে জানালেও ওই কর্মকর্তা ঋণের পরিমাণ উল্লেখ করতে অস্বীকৃতি জানান।
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের ৬৭ শতাংশ শেয়ার কেনার ব্যাপারে দর প্রক্রিয়ার অংশগ্রহণকারীদের মধ্যে সৌদি প্রিন্স বন্দর বিন মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সৌদ ৩৩ কোটি মার্কিন ডলার বা ২ হাজার ৩০০ কোটি টাকা দর প্রদান করে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হয়েছেন।
সৌদি প্রিন্সের কাছে ব্যাংকটির শেয়ার বিক্রয়ে প্রাইভেটাইজেশন কমিশনের সুপারিশ প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে গত সপ্তাহে।
আগামী দুই সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া যাবে বলে প্রাইভেটাইজেশন কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর অনুমোদনের পর ব্যাংকের ঋণের পরিমাণ এবং পাওনা প্রদানের প্রক্রিয়া নিয়ে কয়েক দফা আলোচনার পর দুই পক্ষের মধ্যে একটি বিক্রয় চুক্তি স্বাক্ষরিত হবে।
অর্থ মন্ত্রণালয়ের অপর এক কর্মকর্তা জানান, নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে বন্ড ও ট্রেজারি বিলের মাধ্যমে ঋণ পরিশোধের ব্যাপারে নিশ্চয়তা দেওয়া হবে।
সর্বোচ্চ দরদাতাদের মধ্যে সৌদি প্রিন্স ছাড়াও দেশিয় প্রতিষ্ঠান কনসোর্টিয়াম পদ্ধতিগতভাবে সঠিক থাকলেও কম দর প্রদান করায় তারা রূপালী ব্যাংকের শেয়ার কিনতে পারেনি। কনসোর্টিয়াম মাত্র ১০ কোটি মার্কিন ডলার দর প্রদান করে।
রাষ্ট্রয়ত্ত চারটি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে রূপালী ব্যাংক ক্ষুদ্রতর। এতে মাত্র ৬ দশমিক ৪২ শতাংশ বেসরকারি শেয়ার রয়েছে। সারা দেশে এ ব্যাংকের মোট শাখা ৪৯৩টি। আমানতি হিসাবের সংখ্যা ২৫ লাখ ২৫ হাজার। কর্মকর্তা--কর্মচারীর সংখ্যা ৫ হাজার ৭৩১ জন।
ব্যাংকটির মোট সম্পদের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৪৮ কোটি ৮৪ লাখ টাকা। ২০০৫ সালের ডিসেম্বর মাসে রূপালী ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ১০৭ কোটি ডলার দেখানো হয়।
