মঙ্গলবার থেকে সব ফ্লাইট বন্ধের হুমকি দিয়েছে বিমানের বৈমানিকরা, ১ম লিড
– সরকার তাদের দাবি না মানলে পর্যায়ক্রমে দেশের সব বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন বিমানের বৈমানিকরা।
বিনা শর্তে আর্থিক ভর্তুকি দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অবিলম্বে স্বচ্ছল করার উদ্যোগ না নিলে আগামী ৫ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ফ্লাইট পরিচালনা বন্ধ করাসহ সর্বাতœক আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন (বাপা) ।
গতকাল শনিবার বাপার উত্তরার কার্যালয়ে এক জরুরি বৈঠক শেষে সংগঠনের নেতারা সাংবাদিকদের এ কথা জানান। এতে বক্তব্য রাখেন বাপার সভাপতি ফ্লাইট ক্যাপ্টেন এসএম হেলাল ও সাধারণ সম্পাদক ফ্লাইট ক্যাপ্টেন মাহবুব।
এ বিষয়ে বিডিনিউজের পক্ষ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একাধিক যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ড. এমএ মোমেন এ ঘটনার কথা স্বীকার করে বলেন, বিমানে এখন চরম আর্থিক সঙ্কট চলছে।
বিডিনিউজকে তিনি বলেন, ‘আমরা এরই মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে জানিয়েছি।’ তিনি অবশ্য এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজী হননি।
এদিকে বাপা নেতারা বিডিনিউজকে জানান, তাদের ওই সর্বাতœক আন্দোলনের কর্মসূচি গত বৃহস্পতিবার বিমান কর্তৃপক্ষকে টেলেক্স বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে কোনো সমঝোতার উদ্যোগ নেয়নি।
বাপার ঘোষিত অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, আজ রোববার সকাল ১১ টায় সবগুলো কর্মকর্তা-কর্মচারীদের ইউনিয়নসহ বিমানের কুর্মিটোলার সদর দপ্তরে সম্মিলিত বিক্ষোভ প্রদর্শন, ৫ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে সিলেট ও চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে সুপরিসর কোনো উড়োজাহাজ উড্ডয়ন বা অবতরণ করতে না দেওয়া, ওই দিন থেকে সৈয়দপুর, রাজশাহী ও বরিশালে ফ্লাইট পরিচালনা বন্ধ, ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে নিউ ইয়র্কের মতো অলাভজনক লন্ডন ফ্লাইট বন্ধ এবং ওই সময়ের পর থেকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে দেশী-বিদেশী সব ধরনের এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং বন্ধ করে দেওয়া।
বাপার সভাপতি ক্যাপ্টেন এসএম হেলাল জানান, তাদের আন্দোলনের সঙ্গে এরই মধ্যে বিমানের কর্মকর্তা-কর্মচারিদের ১০টি সংগঠন একাতœতা প্রকাশ করেছে। তারা এখন চেষ্টা করছেন বাকি অল্প কয়েকটি ইউনিয়নের সমর্থন আদায়ের।
সংগঠনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন মাহবুব বলেন, দুর্নীতি, অনিয়ম আর অব্যবস্থাপনার কারণে লোকসান দিতে দিতে বিমান এখন বন্ধ হওয়ার উপক্রম। গত দু’মাস ধরে বিমানে আর্থিক সঙ্কট এখন এতই চরমে উঠেছে যে বৈমানিকসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারিদের বেতন ভাতা প্রদানও অনিশ্চিত হয়ে পড়েছে। নগদ টাকার অভাবে বিমানের উড়োজাহাজের একাধিক ইঞ্জিন রক্ষণাবেক্ষণের পর ছাড়িয়ে আনা যাচ্ছে না বলে একের পর এক উড়োজাহাজ গ্রাউন্ডেড রাখতে হচ্ছে।
তিনি আরো জানান, এই সঙ্কট থেকে কাটিয়ে ওঠার জন্য বাপা প্রতিমন্ত্রীসহ বিমানের উর্ধ্বতন কর্মকর্তাদের একাধিক বৈঠকে ৪০ টি প্রস্তাব দিয়েছে। এর মধ্যে অন্যতম হলো, ১৯৭২ সালের অধ্যাদেশ অনুযায়ী বিমানকে একটি সেবামূলক খাত হিসেবে বিবেচনা করে এতে নগদ টাকা ভর্তুকি দেওয়া এবং অলাভজনক রুটসমূহে ফ্লাইট পরিচালনা আপাতত স্থগিত রাখা।
এক প্রশ্নের জবাবে ক্যাপ্টেন মাহবুব বলেন, চিকিৎসা, শিক্ষা, যোগাযোগ খাতের মতো সরকার একইভাবে বিমানেও ভর্তূকি দিতে বাধ্য। তাছাড়া বিমান জনস্বার্থে হজ ফ্লাইট পরিচালনা করে বছরের পর বছর লোকসান দিচ্ছে। তাই এই খাতেও সরকারকে ভর্তূকি দিতে হবে।
বাপা নেতা ক্যাপ্টেন হেলাল বলেন, সরকারের একটি মহল চায়, শ্বাস রোধ করে জাতীয় পতাকাবাহী এই প্রতিষ্ঠানটিকে বন্ধ করে ব্যক্তি স্বার্থে দেশে বেসরকারী এয়ারলাইন্সকে চালু করা।
তিনি এই বক্তব্যের সমর্থনে গত মাসে জাতীয় দৈনিকে প্রকাশিত লন্ডন ভিত্তিক ‘ইউনাইটেড এয়ার’ নামে একটি বেসরকারী এয়ারলাইন্সের বিশাল বিজ্ঞাপন দেখান।
তিনি বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জেনেছি, কথিত এই এয়ারলাইন্সটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে ফ্লাইট পরিচালনা করার অনুমতি পর্যন্ত পায়নি; অথচ তারা লল্ডনে শেয়ার বিক্রি করছে। লন্ডনসহ অন্যান্য আন্তির্জাতিক রুটে তারা ফ্লাইট চালাবে বলে প্রচার করছে।
