২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের প্রতি গার্মেন্টস শ্রমিক নেতাদের হুমকি

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতারা বলেছেন, অবিলম্বে নতুন মজুরী ঘোষণা করা না হলে ঘেরাও - অবরোধ -ধর্মঘটসহ আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2006, 04:20 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

চুক্তি অনুযায়ী ৩১ শে আগস্টের মধ্যে নতুন মজুরী ঘোষণা না করায় শুক্রবার রাজধানীর মুক্তাঙ্গনে গার্মেন্টস শ্রমিকরা এক বিক্ষোভ সমাবেশে এই হুমকি দেন। 

সমাবেশে ঘোষিত পরবর্তী কর্মসূচি হচ্ছে, সেপ্টেম্বর মাসের ৩, ৪, ৫ ও ৬ তারিখে গাজীপুর, তেজগাঁও, মিরপুর ও আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক সমাবেশ ও মিছিল। ৮ই সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করে পরবর্তী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি সাহিদা সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, নুরুন নাহার, মো. ফারুক খান, আরিফা আক্তার, মো.শফিকুল ইসলাম, সাফিয়া পারভিন প্রমুখ।

সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মুক্তাঙ্গন থেকে শুরু করে জিপিও, বায়তুল মোকাররম, গুলিস্তান, নুর হোসেন স্কয়ার হয়ে তোপখানা রোডে এসে শেষ হয়।

১৯৯৪ সালের ১২ জানুয়ারি সর্বশেষ মজুরী ঘোষণার পর থেকে দীর্ঘ ১২ বছরেও তার পরিবর্তন হয়নি। সম্প্রতি শ্রমিকদের বিক্ষোভের মুখে গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলোর সাথে মালিক সমিতির দ্বিপাক্ষিক এবং সরকার, স্কপ ও মালিকদের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি অনুসারে নবগঠিত মজুরী বোর্ডের মাধ্যমে তিন মাসের মধ্যে নতুন মজুরী ঘোষণা করার কথা ছিল। এজন্য শ্রমিক সংগঠনগুলো নবগঠিত মজুরী বোর্ডকে ৩১ শে আগস্টের মধ্যে মজুরী ঘোষণার সময়সীমাও বেঁধে দিয়েছিল।