এশিয়া এনার্জি কী সত্যিই কার্যক্রম গুটিয়ে নিচ্ছে? সরকার নিশ্চুপ
এশিয়া এনার্জি কোম্পানির কয়লা খনি কার্যক্রম এদেশ থেকে গুটিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত কি - না এ বিষয়ে সরকার পুরোপুরি নীরব। এখন পর্যন্ত সরকারের দায়িত্বশীল কোনো সূত্র বিষয়টি নিশ্চিত করেনি।
ফুলবাড়িতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে বুধবার রাতে এদেশ থেকে এশিয়া এনার্জি কোম্পানির কার্যক্রম গুটিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হয়।
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মিজানুর রহমান মিনু এবং খাদ্য উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে বুধবার রাতে সম্পাদিত চুক্তিতে বলেছেন যে, এশিয়া এনার্জি এদেশে আর কোনো কাজ করতে পারবে না।
বৃহস্পতিবার সারাদিনই জ্বালানি উপদেষ্টা ও বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমানের সঙ্গে সাংবাদিকরা কথা বলার চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত দেখা পাওয়া গেলেও মাহমুদুর রহমান সাংবাদিকদের এড়িয়ে গেছেন। ‘আমাকে কিছু জিজ্ঞেস করবেন না, আমি কিছু বলতে পারবো না’ এই ছিল জনাব রহমানের সংক্ষিপ্ত বক্তব্য।
এশিয়া এনার্জির সঙ্গে যোগাযোগ করা হলে তারাও কোনো কিছুৃ জানাতে অস্বীকৃতি জানিয়ে বলে, তাদের চুপ থাকতে বলা হয়েছে।
সূত্র জানিয়েছে, ফুলবাড়ীতে ঘোষণার প্রকৃত অর্থ জানতে চেয়ে কোম্পানিটি বিভিন্ন মহলে যোগাযোগ করছে। ঘোষণা অনুযায়ী এদেশ ছেড়ে যেতে হলে কোম্পানি কী করবেন এ প্রশ্নের জবাবেও কেউ কিছু বলতে রাজী হয়নি।
সংশ্লিষ্টরা বলছেন, সরকারের এ নীরবতা রহস্যজনক এবং এর প্রকৃত কারণ কী তা খতিয়ে দেখা উচিত।
মাত্র কয়েকদিন আগেই মাহমুদুর রহমান বলেছিলেন যে, এশিয়া এনার্জি নিজ থেকে না করলে সরকার কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করতে পারবে না।
