২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিকভাবে তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে

আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিকভাবে তৈরি পোশাক খাতের ন্যুনতম মজুরি ঘোষণা করা হবে বলে গার্মেন্টস মালিকরা জানিয়েছেন। যদিও ১২ জুনে করা মালিক - শ্রমিক - সরকারের তিন পক্ষের চুক্তি অনুসারে ৩১ আগস্টের মধ্যে চুড়ান্ত ন্যূনতম মজুরি ঘোষণা সিদ্ধান্ত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2006, 08:15 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

মজুরি বোর্ডের মালিক পক্ষের প্রতিনিধি আনিসুল হক বৃহস্পতিবার বিডিনিউজকে জানান, আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে মজুরি বোর্ডের বৈঠকে পোশাক খাতের শ্রমিকদের জন্য প্রস্তাবিত ন্যূনতম মজুরি ঘোষিত হবে।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি এস এম ফজলুল হকও বিডিনিউজকে একই কথা জানান।

তবে শ্রমিক নেতারা ইতোমধ্যে মালিক এবং সরকার পক্ষের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ করছেন।

শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদের (স্কপ) সমন্বয়ক ড. ওয়াজেদুল ইসলাম বলেন, পোশাক খাতের মালিকরা ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে চুক্তি ভঙ্গ করেছেন। ন্যূনতম মজুরি ছাড়াও একমাসের মধ্যে নিয়োগপত্র ও সাপ্তাহিক ছুটিসহ নয় দফা বাস্তবায়নের কথা থাকলেও আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।

তিনি বলেন, মালিকরা ভুলে গেছেন, আন্দোলনের মাধ্যমে এ মজুরি বোর্ড গঠন করা হয়েছে। ত্রিপক্ষীয় চুক্তিভঙ্গের কারণে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

তিনি বলেন, মজুরি বোর্ডের প্রাথমিক প্রস্তাবের পর পাবলিক নোটিশ দেওয়ার জন্যও ১৫ দিন সময়ে প্রয়োজন। শ্রমিক মালিক বিভিন্ন পক্ষের সঙ্গে আলাপ করে জানা যায়, আগামী ৬ সেপ্টেম্বরে ন্যূনতম মজুরি বোর্ডের বৈঠক থাকলেও শ্রমিক প্রতিনিধিসহ কিছু প্রতিনিধি দেশের বাইরে থাকবেন। এছাড়াও আরো বিভিন্ন কারণে ৬ সেপ্টেম্বরে পরের বৈঠকে এ ব্যাপারে সিদ্বান্ত গৃহীত হবে বলে জানা যায়।

আনিসুল হক বলেন, আমরা মজুরি বোর্ডের ভিতরে ও বাইরে রাজনৈতিক দল অর্থনীতিবিদসহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতে ন্যূনতম মজুরি ঘোষণা করতে চাচ্ছি, যাতে পরবতীতে কোন বিরোধ সৃষ্টি না হয়।

তিনি বলেন, ন্যূনতম মজুরির ব্যাপারে সকল পক্ষের ঐক্যমতে আনা এত সহজ নয়। তাই কিছুটা সময় বেশি ব্যয় হচ্ছে। তবে এ সরকারের আমলেই চুড়ান্ত মজুরি ঘোষিত হবে।

চুক্তি ভঙ্গের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, নিয়োগ পত্রসহ চুক্তির অন্যান্য বিষয়গুলো বাস্তবায়নে কিছুটা সময়ের প্রয়োজন হচ্ছে। একবারেই কোন দফা কোথাও বাস্তবায়ন হয়নি এ তথ্য ঠিক নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক মজুরি বোর্ডের এক প্রতিনিধি বলেন, বিভিন্ন পক্ষের চাপের কারণে মালিক পক্ষের সময় ক্ষেপণ প্রচেষ্টা শেষ করতে হচ্ছে। আরো সময় ক্ষেপণ করলে সরকারের কাছ থেকে চাপের মুখে পড়বে।

মজুরি বোর্র্ডের শ্রমিক প্রতিনিধি নাজমা আক্তার বলেন, সময় ক্ষেপণের চেষ্টা না করে দ্রুত মজুরি ঘোষণা করলে শিল্প ও শ্রমিক উভয়ই উপকৃত হবে।   

মালিক ও শ্রমিকের মধ্যে ন্যূনতম মজুরি নিয়ে ব্যাপক মতপার্থক্য এখন বিরাজমান। তবে মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য মূল বেতন ১৮০০ টাকাসহ ২৬৫০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে।

এদিকে আগামীকাল শুক্রবার স্কপ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ন্যূনতম মজুরির ব্যাপারে তাদের নতুন অবস্থান ঘোষণা করতে যাচ্ছে।