২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব ক্ষোভ আর শোক ছাপিয়ে ফুলবাড়ী এখন শুধুই আনন্দের নগরী, হাজারো জনতার বিজয় মিছিল, সমাবেশ

দিনাজপুরের ফুলবাড়ীতে ফুঁসে উঠা বিদ্রোহের আগুন স্তিমিত হয়ে এখন সেখানে আনন্দের বন্যা বইছে। বিক্ষুব্ধ জনতা বিজয় সমাবেশ আর আনন্দ মিছিলে মেতে উঠেছে। আন্দোলনের এই উপ শহরটি এখন পরিণত হয়েছে আনন্দ নগরীতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2006, 03:54 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

বৃহস্পতিবার সকাল থেকে হাজার হাজার জনতা জাতীয় পতাকা ও রং - বেরং এর ব্যানার ফেস্টুন নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। ‘তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটির’ সঙ্গে সরকার পক্ষের বুধবার রাতে সমঝোতা চুক্তি স্বাক্ষর হওয়ার পর মধ্য রাতেই ফুলবাড়ীর নিমতলায় শত শত জনতার সামনে চুক্তি পাঠ করা হয়। প্রত্যাহার করে নেওয়া হয় অনির্দিষ্টকালের হরতাল।

টানা চারদিন পর আজ বৃহস্পতিবার অবরুদ্ধ ফুলবাড়ির চেহারাই পাল্টে গেছে। অসংখ্য পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিককেও জনতার উল্লাসের খবর সংগ্রহ করতে তৎপর দেখা গেছে।

হরতাল প্রত্যাহার করায় দিনাজপুর - ঢাকা মহাসড়কে সকল ধরনের ব্যারিকেড তুলে নেওয়া হয়। ভোর থেকে এই সড়ক পথে স্বাভাবিক যানবাহন চলাচল শুরু হয়েছে।

বেলা পৌণে ১২ টার দিকে নিমতলা মোড়ে বিশাল বিজয় সমাবেশ শুরু হয়।

এতে সভাপতিত্ব করেন কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মাদ। বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল আহসান খান, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য হায়দার আকবর খান রনো, গণমুক্তি আন্দোলনের জোনায়েদ সাকি, আদিবাসী ফোরামের রবীন্দ্রনাথ সরেণ, কমিটির ফুলবাড়ি ইউনিটের আহ্বায়ক সাইফুল ইসলাম জুয়েল প্রমুখ।

উল্লসিত জনতার সমাবেশে বক্তারা বলেন, জনতার সম্মিলিত শক্তির গৌরবের বিজয় হয়েছে। ফুলবাড়ির হাজারো নারী -- পুরুষ, বাঙালি - আদিবাসী সকলে মিলে এই বিজয় ছিনিয়ে এনেছে। এশিয়া এনার্জি শুধু ফুলবাড়ি নয়, তাদেরকে বহিস্কার করাসহ সরকার জনতার ছয় দফা দাবি মেনে নিয়েছে।

সমাবেশ থেকে বক্তারা জ্বালানী উপদেষ্টা মাহমুদুর রহমানের ‘আপত্তিকর’ বক্তব্য দেওয়ায় তীব্র নিন্দা জানিয়ে তার বিচার দাবি করেন।

তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে ২৬ আগস্ট এশিয়া এনার্জির কার্যালয় ঘেরাও সমাবেশে আইন - শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালালে হতাহতের ঘটনায় ফুলবাড়ী বিক্ষোভ, আন্দোলন ও সংগ্রামে জ্বলে ওঠে। আন্দোলনকারীরা নিহতের সংখ্যা অন্তত: পাঁচজন দাবি করলেও সরকার এ পর্যন্ত তিনজন নিহত হয়েছে বলে স্বীকার করেছে।