২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম চেম্বার দুবাইয়ে একমাত্র দেশের অংশগ্রহণে মেলার আয়োজন করবে

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এ বছর অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে একমাত্র দেশের বাণিজ্যিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে মেলার আয়োজন করবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2006, 09:22 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

সিসিসিআই সভাপতি সাইফুজ্জামান চৌধুরী বুধবার এ ব্যাপারে বিডিনিউজকে বলেন, এতে একক দেশ হিসেবে বাংলাদেশ মেলা আয়োজনের অনুমতি চেয়ে দুবাইয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।

তিনি জানান, সিসিসিআই এই প্রথম দেশের বাইরে কোনও মেলার আয়োজন করছে। দেশে তৈরি রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্য এ মেলায় প্রদর্শন করা হবে।

একই সময়ে দুবাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাইফুজ্জামান চৌধুরী বলেন, দুবাইয়ের অর্থনীতি অন্য দেশগুলোর জন্য স্মরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে। এ কারণে দুবাই চেম্বারের সাথে বন্ধন আরও সুদৃঢ় করতে চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হয়েছে।

দুবাইয়ের ব্যবসায়ীদের বাংলাদেশের বাজারে প্রবেশের সুযোগ দেওয়ার মাধ্যমে বাংলাদেশ দুবাইয়ের কাছ থেকে বিশেষজ্ঞীয় সুবিধা নিতে পারে বলে তিনি জানান।

এছাড়া তিনি পর্যটন ও বাণিজ্য উন্নয়নে দু’দেশের মধ্যে সহযোগিতা জোরদারের ব্যাপারেও গুরুত্ব আরোপ করেন।

সিসিসিআই চট্টগ্রামের ওয়াল্ড ট্রেড সেন্টারে দুবাইয়ের বিনিয়োগ আশা করেছেন।