আগামী মাস থেকে বেতন কাঠামোর বৈষম্য দূর করবে সরকার
সরকার বর্তমান পে স্কেল অনুযায়ী বেতন বাড়িয়ে বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা--কর্মচারীদের বেতন বৈষম্য দূর করবে। আগামী মাস থেকে এ কাজ করা হবে।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের সভাপতিত্বে বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে বেতন নির্ধারণ সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিভিন্ন সরকারি কর্মকর্তা--কর্মচারীদের বেতনের যে বৈষম্য রয়েছে তা দূর করতে সচিব কমিটির বৈঠকের সুপারিশ অনুযায়ী বেতন বাড়ানোর ব্যাপারে মন্ত্রিপরিষদ কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, ১৯৭৬ থেকে প্রতিবারই বেতন কাঠামো পর্যালোচনার সময় কিছু বিভাগে বেতনের বৈষম্য থেকে যায় এবং বেতনের এ বৈষম্য দূর করা সরকারের নিয়মিত কাজের অংশ।
তিনি আরও বলেন, নৈমিত্তিক কাজ হিসেবে এর আগেও অর্থ মন্ত্রণালয় এ ধরনের বৈষম্য দূর করেছে।
বুধবারের এ বৈঠকে ৮৩ জন নির্বাচন কর্মকর্তা, ২০ জন রেজিস্ট্রার ও সাব--রেজিস্ট্রার, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ২ হাজার ২০০ জন কর্মচারী, রেলওয়ে বিভাগের ৩৫০ জন নিরীক্ষক এবং বনবিভাগের ৪ হাজার ৭০০ কর্মচারী এবং প্রহরীর বেতনের বৈষম্য দূর করার বিষয়টি অনুমোদন লাভ করে।
সাংবাদিকদের ব্রিফিংকালে সাইফুর রহমান বলেন, সরকার আগামী মাস থেকে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেবে। কিন্তু এ বাবদ কত টাকা ব্যয় হবে তা বলতে অস্বীকৃতি জানান তিনি।
অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, এ অনুমোদনের মাধ্যমে বিদ্যমান বেতন বৈষম্য দূর হবে এবং শিগগিরই বেতন কাঠামো মানসম্মত করা হবে।
মন্ত্রিপরিষদ কমিটির সদস্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, আইনমন্ত্রী মওদুদ আহমদ, পররাষ্ট্রমন্ত্রী এম. মোর্শেদ খান বৈঠকে উপস্থিত ছিলেন।
