২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাকৃতিক সম্পদ সম্পর্কিত চুক্তি ও নীতিমালা অবশ্যই উন্মুক্ত হওয়া উচিত: বাংলাদেশ অর্থনীতি সমিতি

জনগণের মতামতকে পাশ কাটিয়ে প্রাকৃতিক সম্পদ ব্যাবস্থাপনা বিষয়ক কোন চুক্তি বা নীতিমালা বাস্তবায়ন করা উচিত নয় বলে মঙ্গলবার বাংলাদেশ অর্থনীতি সমিতি (বিইএ) মত প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2006, 08:34 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

অর্থনীতি সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশের প্রাকৃতিক সম্পদ থেকে সর্বোচ্চ সুফল নিশ্চিত করতে একটি পরিপূর্ণ, স্বচ্ছ ও জনমুখী নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়।     

নাগরিক কমিশন আহ্বায়ক ও বিইএ সভাপতি ড. কাজী খলিকুজ্জামান আহমেদ বলেন, ‘আমরা বিদেশী বিনিয়োগের বিপক্ষে না, কিন্তু এ ধরণের বিনিয়োগ অবশ্যই জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে’।

বাংলাদেশ অর্থনীতি সমিতি (বিইএ) নগরীর জাতীয় প্রেসক্লাবে ‘ফুলবাড়ী কয়লা খনি: কেন এই হত্যাকান্ড’ শীর্ষক এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে বিইএ গঠিত গ্যাস--তেল ও কয়লা সম্পর্কিত নাগরিক কমিটি ফুলবাড়ী ট্রাজেডির ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ এবং ওই ঘটনায় একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের পাশাপাশি দোষীদের অবিলম্বে বিচার দাবি করেন।

খলিকুজ্জামান স্থানীয় আন্দোলনকারীদের পাশাপাশি তেল, গ্যাস, খনিজ সম্পাদ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির সাথে সংহতি প্রকাশ করে এশিয়া এনার্জির সাথে সাক্ষরিত ফুলবাড়ী কয়লা খনি চুক্তি অবিলম্বে বাতিলের দাবি জানান। তা না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

এ ধরনের প্রকল্পে অবশ্যই জনগণের সংশ্লিষ্টতা থাকা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, নীতি নির্ধারণ, প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়া অবশ্যই উন্মুক্ত ও স্বচ্ছ হওয়া উচিত।

নাগরিক কমিশনের সদস্য সচিব ও বিইএ সাধারণ সম্পাদক আবুল বারাকাত বলেন, রপ্তানির সিদ্ধান্ত নেওয়ার আগে একটি দেশের কমপক্ষে ৫০ বছরের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক কমিশনের সদস্য বিচারপতি গোলাম রাব্বানী এবং ভূতাত্বিক অধ্যাপক বদরুল ইসলাম।