হরতাল - বিক্ষোভে ফুলবাড়ি এখনো উত্তাল, অবরুদ্ধ
হত্যাকাণ্ডের প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় মঙ্গলবার অনির্দিষ্টকালের হরতালের তৃতীয়দিন পালিত হচ্ছে। হরতাল - বিক্ষোভে ফুলবাড়ি এখনো আগের মতোই উত্তাল, অবরুদ্ধ। আজ রাজশাহীর মেয়র ফুলবাড়ি এলাকা পরিদর্শণে আসছেন।
‘তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটি’ স্থানীয়ভাবে এই হরতাল পালন করছে।
ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক বিডিনিউজকে জানান, হরতাল চলাকালে এখনো সমস্ত সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। হরতালকারীরা দিনাজপুর - ঢাকা মহাসড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করায় তা সব ধরনের বাস -- ট্রাক চলাচল বন্ধ রয়েছে।
ওসি ফজলু জানান, ওই সড়কে শুধু বিভিন্ন জায়গায় রিকশা, রিকশা ভ্যান ও সাইকেল চলাচল করতে পারছে। হরতালের সমর্থনে শত শত মানুষ দিনাজপুর - ফুলবাড়ির প্রায় ৪০ কিলোমিটার সড়কে খন্ড খণ্ড মিছিল করছে।
তিনি আরো জানান, হরতালকারীরা এ পর্যন্ত এশিয়া এনার্জির একটি তথ্য কেন্দ্র ও ওই কোম্পানীর কথিত দালালদের পাঁচটি বাড়িতে অগ্নি সংযোগ করেছে।
জেলা প্রশাসক তাহসিনুর রহমান বিডিনিউজকে জানান, পুলিশকে সহনশীল আচরণ করতে বলা হয়েছে। এ কারণেই পুলিশ কোনো রকম ‘অ্যাকশনে’ যাচ্ছে না।
এদিকে জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনু সরেজমিনে পরিস্থিতি জানার জন্য মঙ্গলবার দিনাজপুরে আসছেন। জেলা প্রশাসকের সঙ্গে তার একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।
‘তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটি’র ফুলবাড়ির সংগঠক ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা হাশিম বিডিনিউজকে জানান, ১৪ দলের একটি প্রতিনিধি দলের আজ মঙ্গলবার ফুলবাড়িতে আসার কথা।
তিনি বলেন, ‘আমাদের দাবি, ফুলবাড়ি হত্যকাণ্ডের বিচার ও এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিস্কার করতে হবে।
ফুলবাড়িতে এশিয়া এনার্জির কয়লা খনি প্রকল্প বন্ধের দাবিতে গত শনিবার ওই কমিটির উদ্যোগে হাজার হাজার জনতা সমবেত হলে পুলিশ - বিডিআর এর গুলি, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপে অন্ততঃ তিনজন নিহত ও বহুসংখ্যক ব্যক্তি আহত হয়। তবে আন্দোলনকারীরা পাঁচজন নিহত ও আরো পাঁচজন নিখোঁজ হওয়ার কথা বলছেন।
