২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ক্রমেই বাড়ছে

পাকিস্তানের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বাড়ছে। ২০০৪-০৫ অর্থবছরে বাংলাদেশ পাকিস্তান থেকে প্রায় ১৩২ দশমিক ৯২ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করে। একই সময়ে বাংলাদেশ রপ্তানি করে মাত্র ৬৩ দশমিক ১২ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2006, 08:01 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

এতে দুদেশের মধ্যে বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়ায় ৭৫ দশমিক ৭০ মিলিয়ন মার্কিন ডলার।

২০০৫-০৬ অর্থবছরের প্রথম নয় মাসেই এ ঘাটতির পরিমাণ ৬২ দশমিক ৭৩ ডলারে দাঁড়িয়েছে।

বাংলাদেশ সফররত পাকিস্তানের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে বাণিজ্য মন্ত্রী হাফিজউদ্দিন আহমদের বৈঠককালে এ তথ্য দেওয়া হয়।

ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) প্রেসিডেন্ট চৌধুরী মুহাম্মদ সাঈদের নেতৃত্বে ২০ সদস্যের ওই প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন এফপিসিসিআইর ভাইস প্রেসিডেন্ট আকবর আব্দুল্লাহ, পাকিস্তান বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান আশফাক আহমেদ শেখ ও পাকিস্তান দুতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর রুবিনা তৌফিক।

এ ছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইলিয়াস আহমেদ, যুগ্ম - সচিব মোস্তফা মহিউদ্দিনসহ বাংলাদেশী ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে বাণিজ্য মন্ত্রী দুদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি হ্রাসে বাংলাদেশ থেকে ১০টি খাতের ১০২ ধরনের পণ্যের পাকিস্তানে শুল্কমুক্ত প্রবেশাধিকারের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, দুদেশের জনগণের উপকারে আসবে এমন একটি বাণিজ্য চুক্তি প্রয়োজন।

তিনি বাংলাদেশ থেকে বেশি পরিমাণে তৈরি পোশাক, চা, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, চিকিৎসা সামগ্রী ও সরঞ্জামসহ অন্যান্য পণ্য আমদানি করতে পাকিস্তানী প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান।

এ সময় পাকিস্তানী ব্যবসায়ী নেতা চৌধুরী মুহাম্মদ সাঈদ ঢাকা - করাচী ও ঢাকা - লাহোর রুটে বিমান চলাচল এবং দুদেশের পণ্যসামগ্রী পরিবহনের সুবিধার্থে বেসরকারি পর্যায়ে জাহাজ চলাচল শুরু করারও আহ্বান জানান।