দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য ব্যবসায়ীদের কড়া সমালোচনা করলেন অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান রোববার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি অব্যাহত থাকার ব্যাপারে কিছু সংঘবদ্ধ চক্রকে দায়ী করে বলেন, সরকারি নজরদারির মাধ্যমেই কেবল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব।
সাইফুর রহমান বলেন, এখানকার ব্যবসায়ীরা বেশি লাভ করতে চায়। ভারতে কিন্তু তা নয়।
অর্থ মন্ত্রণালয়ে রাজস্ব ও অর্থ ব্যবস্থাপনা বিষয়ক সরকারি নীতিমালা সংক্রান্ত সমন্বয় পরিষদের বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ব্যবসায়ীরা ন্যূনতম সততা না দেখালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা খুব কঠিন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, অর্থসচিব সিদ্দিকুর রহমান চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুল করিমসহ সমন্বয় পরিষদের সদস্য এবং বাণিজ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এ বৈঠকে উপস্থিত ছিলেন। তিন মাস পরপর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এক বছর পর অর্থমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রী বলেন, বাণিজ্য এবং অর্থ মন্ত্রণালয়কে ব্যবসা, ভেজাল মেশানো, চাঁদা আদায় এবং চোরাচালানির সাথে সংঘবদ্ধ চক্রের বিষয়টি দেখার জন্য বলা হয়েছে। এসবের ফলে দ্রব্যমূল্যের ওপর প্রভাব পড়ছে বলে মন্ত্রী জানান।
বৈঠকে অর্থনীতির বর্তমান ও ভবিষ্যৎ প্রবণতা, সতর্ক আর্থিক নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যে ভারসাম্য এবং রাজস্ব আদায় সংক্রান্ত ব্যাপারেও আলোচনা হয়েছে।
