দিনাজপুরে পুলিশের গুলিতে ৫ জন নিহত হওয়ার প্রতিবাদে বুধবার সারাদেশে আধাবেলা হরতাল
দিনাজপুরের ফুলবাড়িতে পুলিশের গুলিতে পাঁচজন নিহত হওয়ার প্রতিবাদে তেল - গ্যাস - খনিজ সম্পদ ও বিদ্যুৎ - বন্দর রক্ষা জাতীয় কমিটি আগামী বুধবার সারাদেশে আধাবেলা হরতাল ডেকেছে।
রোববার রাজধানীর পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ হরতাল ঘোষণা করা হয়।
এদিকে কমিটির ডাকে আজ রোববার থেকে দিনাজপুরের ফুলবাড়িতে অনির্দ্দিষ্টকালের হরতাল শুরু হয়েছে। হরতাল চলাকালে সংঘর্ষের ফলে বেশকিছু হরতাল সমর্থক আহত হওয়ার খবর পাওয়া গেছে। যে কোনো ধরনের অবাঞ্ছিত ঘটনা এড়ানোর জন্য ফুলবাড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিপুলসংখ্যক পুলিশ ও বিডিআর মোতায়েন করা হয়েছে।
ঢাকায় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ফুলবাড়িতে ৪০ হাজার বাঙালী ও আদিবাসী শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে এশিয়া এনার্জির কয়লা উত্তোলন প্রকল্পকে প্রত্যাখ্যান করেছে। সরকার চুক্তির বিষয় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। সরকার বলছে, এশিয়া এনার্জির সঙ্গে কোনো চুক্তি হয়নি। অথচ এশিয়া এনার্জি প্রকল্প এলাকায় মডেল টাউন, পানির পাম্পসহ বিভিন্ন অবকাঠামো তৈরি করেছে। সেইসঙ্গে তৈরি করছে এক শ্রেণীর দালাল, যারা তাদের পক্ষে কাজ করছে।
সম্মেলনে বক্তারা ফুলবাড়ির ঘটনায় পুলিশের গুলিতে ১০জন নিহত হয়েছে বলে দাবি করেন এবং হতাহতদের ক্ষতিপূরণ প্রদান, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের বিচার এবং এশিয়া এনার্জির প্রকল্প গুটিয়ে নেওয়ার দাবি জানান।
সংগঠনের সদস্য সচিব আনু মুহাম্মদ বলেন, এ প্রকল্প উন্নয়ন প্রকল্প নয়, ধ্বংসের প্রকল্প। এটা বাস্তবায়িত হলে লাখ লাখ মানুষ উদ্বাস্তু হবে। পানি দূষণ হয়ে সমস্ত এলাকা মরুভূমিতে পরিণত হবে।
সংবাদ সম্মেলনে ফুলবাড়ির ঘটনার প্রতিবাদে তিনদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে, আগামীকাল ২৮ আগস্ট সোমবার দেশব্যাপী শোক দিবস পালন এবং কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ ও শোক মিছিল। ২৯ আগস্ট সারাদেশে বিক্ষোভ সমাবেশ এবং ৩০ আগস্ট বুধবার সারাদেশে অর্ধ দিবস হরতাল। এ ছাড়া এশিয়া এনার্জির কাজ গুটিয়ে না নেওয়া পর্যন্ত ফুলবাড়িতে অনির্দ্দিষ্টকালের জন্য হরতাল পালিত হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্ববায়ক প্রকৌশলী শেখ মো. শহিদুল ইসলাম, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, ওর্য়ার্কাস পার্টির পলিটব্যুরোর সদস্য হায়দার আকবর খান রনো, বাসদ (জামান) এর কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, ৫ বাম দলের নেত্রী মোশরেফা মিশু, অধ্যাপক আকমল হোসেন প্রমুখ।
অধ্যাপক শামসুল আলম বলেন, কয়লা উত্তোলনের ক্ষেত্রে এশিয়া এনার্জির কোনো অভিজ্ঞতা নেই। তারা যেসব তথ্য উপস্থাপন করেছে সেগুলোর তাত্ত্বিক গুরুত্ব থাকলেও বাস্তবে এর কোনো গুরুত্ব নেই।
সম্মেলনে এক প্রশ্নের জবাবে জানানো হয়, এশিয়া এনার্জির সঙ্গে সর্বপ্রথম খসড়া চুক্তি হয় ১৯৮৪ সালে। এরপর ১৯৯৮ সালে সেটা নবায়ন করা হয়। ২০০৫ সালে প্রকল্পটি বাস্তবায়ন করতে গেলে তখন আমরা বিষয়টি জানতে পারি। এর জন্য আওয়ামী লীগ বা বিএনপির কেউ দায় এড়াতে পারবে না।
