চোরাই পণ্যের ট্রাক ছেড়ে দেয়ার দাবিতে কক্সবাজার - টেকনাফ সড়কে অনির্দ্দিষ্টকালের ধর্মঘট শুরু
মিয়ানমার থেকে আসা চোরাই পণ্যসহ আটক চারটি ট্রাক ছেড়ে দেয়ার দাবিতে কক্সবাজার - টেকনাফ সড়কে অনির্দ্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
কক্সবাজারের দুটি ট্রাক - মিনি ট্রাক মালিক শ্রমিক সংগঠন এই ধর্মঘটের ডাক দিয়েছে।
এই ধর্মঘটের কারণে কক্সবাজারের টেকনাফ স্থল বন্দরে পাঁচ কোটি টাকা মূল্যের আমদানীকৃত পণ্য আটকা পড়েছে। ধর্মঘটিরা টেকনাফ স্থল বন্দর থেকে পণ্য বোঝাই কোন যানবাহনকে বের হতে দিচ্ছে না। বন্দর শ্রমিকরাও এই ধর্মঘটে সমর্থন জানিয়েছেন। ব্যবসায়িরা দাবি করেছেন, এই ধর্মঘট কয়েকদিন স্থায়ী হলে প্রায় তিন কোটি টাকার পচনশীল পণ্য নষ্ট হয়ে যাবে।
সূত্র মতে, গত বুধবার রাতে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার বালুখালী এলাকায় উখিয়াঘাট কাস্টমস চেকপোস্টে শুল্ক কর্মকর্তারা অবৈধ পণ্যবাহী ৪টি ট্রাক আটক করে। টেকনাফের হেচ্ছারখাল এলাকা থেকে ১০টি ট্রাক বোঝাই করে মিয়ানমার থেকে অবৈধ পথে আসা মশল্লা, ধনিয়া, জিরা, মাসকলাই, ছোলা ও মুগডাল চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছিল। ওই বহরের ৪টি ট্রাক কাস্টমসের হাতে ধরা পড়ার পর অপর ৬টি ট্রাক উল্টো পথে টেকনাফের দিকে পালিয়ে যায়। আটক ৪টি ট্রাকে ৪৮ টন মশল্লা, ধনিয়া, পেলং ডাল ও মাসকলাই রয়েছে। ট্রাকগুলো বৃহস্পতিবার সকালে কক্সবাজার শুল্ক অফিসে নিয়ে আসার পর বালুখালী শুল্ক ইন্সপেক্টর মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে এই ঘটনায় মামলা দায়ের করেছেন।
অপরদিকে ট্রাকগুলো ছেড়ে দেয়ার দাবিতে কক্সবাজার জেলা ট্রাক মালিক সমিতি ও কক্সবাজার ট্রাক মিনি ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ শুক্রবার সকাল থেকে কক্সবাজার-টেকনাফ সড়কে অনির্দ্দিষ্টকালের ধর্মঘট আহবান করেছে। সকাল ৭টার দিকে ধর্মঘটিরা টেকনাফ স্থল বন্দরের প্রধান ফটকে ১০/১২টি ট্রাক ফেলে রেখে ধর্মঘট শুরু করে। এতে কক্সবাজার - টেকনাফ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
আটককৃত ট্রাক ছেড়ে না দেয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত রাখার হুমকি দিয়েছে ধর্মঘট আহবানকারী দু’টি সংগঠন।
কক্সবাজার ট্রাক মিনিট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারন সম্পাদক জহির উল¬াহ জানিয়েছেন, আটক চোরাই পণ্যের কি হলো না হলো তাতে তাদের কিছু আসে যায় না। ট্রাক আটকে রাখার জন্যই তাদের আন্দোলন। তাদের প্রতিদিনই টেকনাফ সীমান্ত বাণিজ্যের ব্যবসায়িদের গাড়ি দিতে হয়। চোরাই পণ্যের নামে ট্রাক আটকে রাখলে আমাদের ব্যবসা তো বন্ধ হয়ে যাবে।
কক্সবাজারের বিশিষ্ট শ্রমিক নেতা এস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে দুই সংগঠনের নেতারা বৈঠক করে এই ধর্মঘটের সিদ্ধান্ত নেন। বৈঠকে কক্সবাজার ট্রাক মালিক সমিতির সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে টেকনাফ স্থল বন্দর সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে চোরাচালান বেড়ে যাওয়ায় বন্দরের রাজস্ব আদায়ের হার দিনে দিনে কমে আসছে। বিগত জুলাই মাসে স্থল বন্দরের রাজস্ব আদায় ছিল ৭ কোটি ৪৪ লাখ টাকা। চোরাচালানের কারণে স্থল বন্দর দিয়ে মালামাল কম আসায় চলতি আগষ্ট মাসের ২৫ দিনে রাজস্ব আদায় হয়েছে মাত্র ৪ কোটি ৮০ লাখ টাকা।
অপরদিকে কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কক্সবাজার অঞ্চলের সহকারী কমিশনার মোহাম্মদ মোকাররম হোসেন বলেন, সীমান্ত বাণিজ্যে আমদানীর কোন কাগজপত্র না থাকায় ৪টি ট্রাক আটক করা হয়েছে। চোরাচালান ও সরকারী কর ফাঁকির অভিযোগে এই মালামাল আটক করা হয়। তবে খাদ্য শস্যের ক্ষেত্রে শিথিল মনোভাব দেখানোর সরকারী কোন নির্দেশ তারা পাননি বলে জানিয়েছেন।
কিন্তু ওই চোরাই পণ্য টেকনাফের হেচ্ছা খাল থেকে বোঝাই করার পর কক্সবাজার -টেকনাফ সড়কের দমদমিয়া, লেদা ও বালুখালী বিডিআর চেকপোষ্ট কিভাবে অনুসন্ধান ছাড়াই এই ট্রাকগুলো পার হয়ে এলো তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ ব্যাপারে টেকনাফ বিডিআরের উপ-অধিনায়ক মেজর আবুল কালাম আজাদ জানান, খাদ্য শস্যের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ না করার জন্য সরকারের উপর মহলের অলিখিত নির্দেশ থাকায় তারা শিথিলতা দেখিয়েছেন। আর এই কারণেই বাংলাদেশের জন্য প্রয়োজনীয় খাদ্য শস্য পাচার হলেও ধরা হয় না।
এদিকে আটক চোরাই মালের জন্য তেমন কোন তদবিরের কথা শোনা না গেলেও ট্রাক ছেড়ে দেয়ার দাবিতে ট্রাক মালিক শ্রমিকরা ধর্মঘটের পাশাপাশি মিছিল মিটিং করে যাচ্ছে। আজ বিকালে টেকনাফ স্টেশনে শ্রমিক নেতা নবী হোসেনের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন টেকনাফ পৌর কমিশনার মোহাম্মদ ইউসুফ, আবদুর রাজ্জাক মেম্বার, বদি আলম, খন্দকার মো. ইউসুফ, কক্সবাজার ট্রাক মিনিট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. ইদ্রিস ও সাধারণ সম্পাদক জহির উল¬াহ।
বক্তারা বলেছেন, মালামালের জন্য নয়, তাদের আন্দোলন কেবল ট্রাকের জন্য।
এদিকে হঠাৎ করে কক্সবাজার - টেকনাফ সড়ক ও টেকনাফ স্থল বন্দরে অনির্দ্দিষ্টকালের ধর্মঘট শুরু হওয়ায় বিপাকে পড়েছেন সীমান্ত বাণিজ্যের ব্যবসায়িরা।
টেকনাফ স্থল বন্দরের অন্যতম ব্যবসায়ি বিএনপি নেতা হাশেম মেম্বার জানিয়েছেন, বর্তমানে স্থল বন্দরে প্রায় ৫ কোটি টাকার মালামাল ধর্মঘটের জন্য আটকা পড়েছে। এতে প্রায় ৩ কোটি টাকার রয়েছে কাঁচা মাছ, যা পচনশীল। এই ধর্মঘট অন্তত ৩দিন চললেই সব মাছ পচে যাবে।
