বিশ্বব্যাংক ও আইএমএফ নির্দেশিত শিল্প ও বাণিজ্য নীতি অনুসরণ করে দেশের শিল্প প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হচ্ছে: শ্রমিক কনভেনশনে বক্তারা
বিশ্বব্যাংক ও আইএমএফসহ বিভিন্ন আর্ন্তজাতিক সংস্থা নির্দেশিত শিল্প ও বাণিজ্যনীতি অনুসরণ করে সরকার দেশের শিল্প প্রতিষ্ঠানগুলো ধ্বংস করছে।
শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় ন্যূনতম মজুরী ঘোষণা, পাট, চিনি, গার্মেন্টস শিল্প রক্ষা, বন্ধ কারখানা চালু, অসংগঠিত শ্রমিকদের জন্য আইন প্রণয়নের দাবিসহ ১৪ দলের অভিন্ন ২৩ দফা বাস্তবায়নের সংগ্রাম বেগবান করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশন আয়োজিত শ্রমিক কনভেনশনে বক্তারা এ কথা বলেন।
সংগঠনের সহসভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, পলিটব্যুরোর সদস্য হায়দার আকবর খান রনো, আওয়ামী লীগের সভাপতি ম-লীর সদস্য আমির হোসেন আমু, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. আবুল বারকাত, গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রমেশ রায়, ডা. ওয়াজেদুল ইসলাম, নারী মুক্তি সংসদের সালেহা সুলতানা প্রমুখ।
কনভেনশনের উদ্বোধন করে রাশেদ খান মেনন বলেন, শ্রমিকরা আজ ধুকে ধুকে মরছে। অথচ সরকার এবং মালিক পক্ষ শ্রমিকদের ন্যূনতম মজুরী নির্ধারণ নিয়ে টালবাহানা শুরু করেছে। শ্রমিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দেওয়া হচ্ছে। সরকারের এ প্রচেষ্টার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ না হলে ভয়াবহ এক পরিস্থিতির মোকাবলা করতে হবে দেশ ও জাতিকে।
আমির হোসেন আমু বলেন, আদমজীতে যারা লুটপাট করেছে সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে হাজার হাজার শ্রমিকের পেটে লাথি মেরেছে। একইভাবে এখন বিশ্বব্যাংক ও আইএমএফের কথায় গার্মেন্টস শিল্পকে ধ্বংসের চক্রান্ত চলছে। আজ আমরা যে আন্দোলন করছি তা মানুষের মুক্তির আন্দোলন। গণতান্ত্রিক অসাম্প্রদায়িক দেশ গড়ার আন্দোলন।
হাসানুল হক ইনু বলেন, কারখানার শ্রমিকদের জন্য ন্যায্য মূল্যে রেশনের ব্যবস্থা করতে হবে। সেনাবাহিনীর সদস্যরা রেশন পেলে শ্রমিকরা পাবে না কেন? সরকার নির্বাচনের মাঠের চারপাশে বোমা আর কাটা তার পুঁতে রেখেছে সেগুলো না সরিয়ে আমরা নির্বাচনের লড়াইয়ে নামতে চাই না।
ড. আবুল বারকাত বলেন, বাংলাদেশে সন্ত্রাস, দূনীতি এবং ধর্মভিত্তিক সামপ্রদায়িকতাকে প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছে। গণতান্ত্রিক, উদার, অসাম্প্রদায়িক ইসলামকে পলিটিক্যাল ইসলামে পরিণত করে জামায়েত ইসলামী এ দেশকে আরেক পাকিস্তান বানাতে চায়।
তিনি সিপিডিকে উদ্দেশ্য করে বলেন, শ্রমিকদের মজুরী বিষয়ে কোনো রকম গবেষণা না করেই তারা সরকারের সঙ্গে কথা বলছেন। অর্থনীতি সমিতির কাছে আসুন এ বিষয়ে যত তথ্য লাগবে সবই দেওয়া হবে।
শ্রমিক কনভেনশেনে ঘোষণাপত্র পাঠ করেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শফিউদ্দিন আহম্মেদ।
ঘোষণায় তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার, সরকার গঠনের পর অগ্রাধিকারের ভিত্তিতে ১৪ দলের ২৩ দফা বাস্তবায়ন, শ্রমিকদের সঙ্গে বিভিন্ন চুক্তি বাস্তবায়ন এবং শ্রমিক ঐক্যের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
কনভেনশনের সভা পরিচালনা করেন কামরুল হাসান।
