ইরানে রপ্তানির জন্য পণ্য তালিকা তৈরি করেছে বাংলাদেশ
ইরানের বাজারে রপ্তানির জন্য পণ্য অগ্রাধিকারের একটি তালিকা তৈরি করেছে বাংলাদেশ।
জুলাই মাসে তেহরানে অনুষ্ঠিত ৪র্থ যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠকে দুই দেশের মধ্যে যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষরিত হয় তারই আওতায় বাংলাদেশ এ তালিকা তৈরি করেছে।
ট্যারিফ কমিশনের এক কর্মকর্তা জানান ইরানের বাজারের জন্য ১০০টি পণ্যের একটি তালিকা তৈরি করা হয়েছে। নামপ্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বুধবার বিডিনিউজকে আরও বলেন যে তালিকাটি অনুমোদনের জন্য শীঘ্রই তারা বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠাবেন। কর্মকর্তা আরও জানান, বাংলাদেশের বাজারে অগ্রাধিকারের জন্য ইরান ইতোমধ্যেই একটি পণ্য তালিকা পাঠিয়েছে।
জুলাই মাসের ২৪ ও ২৫ তারিখ তেহরানে অনুষ্ঠিত জেইসির এ বৈঠকে ইরান ও বাংলাদেশ পিটিএ ছাড়া পর্যটনের উপর একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। স্মারকে বলা হয়, ১২০ দিনের মধ্যে উভয় দেশকেই তালিকা চূড়ান্ত ও বিনিময় করতে হবে।
সূত্র জানিয়েছে, বৈঠকের সূত্র ধরে আলোচনার জন্য শিগগিরই দুই দেশের মধ্যে তালিকাগুলো বিনিময় করা হবে।
বাণিজ্য মন্ত্রনালয়ের এক কর্মকর্তা জানান, এ তালিকা বাস্তবায়নের আগে ওয়ার্কিং গ্র“প পর্যায়ে আলোচনার প্রধান বিষয় হবে রুলস অফ অরিজিন ও পণ্যের নেতিবাচক তালিকা।
বিভিন্ন সূত্র থেকে জানা যায় ট্যারিফ কমিশনের প্রাথমিক তালিকায় তৈরি পোশাক, ওষুধ সামগ্রী, পাট ও পাটজাত দ্রব্য, প্রসাধনী ও সিরামিকের সামগ্রী অন্তর্ভূক্ত করা হয়েছে।
সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় বাংলাদেশী প্রতিনিধি দলের সঙ্গে তেহরানে উপস্থিত ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর সভাপতি মীর নাসির হোসেন বলেন, এ তালিকা তৈরির আগে সরকার ব্যবসায়ীদের সাথে আলোচনা করেনি।
মীর নাসির বিডিনিউজকে আরও বলেন যে বাংলাদেশের পোশাক শিল্প, ওষুধ সামগ্রী, পাট ও পাটজাত সামগ্রী, টয়লেট্রিজ এবং সিরামিকের তৈরী পণ্যের সম্ভাব্য বাজার রয়েছে ইরানে। অন্যদিকে ইরানের অপরিশোধিত তেল, সীসা, বিটুমিন এবং কার্পেটের চাহিদা রয়েছে বাংলাদেশের বাজারে।
দুইদেশের মধ্যে স্বাক্ষরিত এ চুক্তিটি এখন অনেকাংশেই বাংলাদেশের অনুক’লে।
