কোনো দল নির্বাচনে না গেলে কি নির্বাচন বন্ধ থাকবে, নির্বাচন হবেই: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, কোনো দল নির্বাচনে না গেলে কি নির্বাচন বন্ধ থাকবে, নির্বাচন হবেই। কোনো দলের জন্যই নির্বাচন বন্ধ হবে না।
বুধবার বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত ‘বিনিয়োগে রাজনীতিকদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বিসিআইসি মিলনায়তনে ওই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বিসিআই সভাপতি একে আজাদের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিসিআই এর সহ - সভাপতি এমএ শহীদ, আব্দুল হক, এফবিসিসিআই এর পরিচালক আবুল কাশেম হায়দার, অ্যামচেমের পরিচালক এমএ গফুর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ তার বক্তব্যে দেশের উন্নয়ন, বিনিয়োগ ও শিল্পায়ন বাধাগ্রস্ত হওয়ার রাজনৈতিক পরিস্থিতি ও রাজনীতিবিদদের দায়ী করেন।
তিনি বলেন, ‘বিনিয়োগ ও শিল্পায়নের জন্য রাজনৈতিক পরিবেশ দরকার। সামরিক শাসক ছিলাম, গণতন্ত্র ও মানুষের ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে ক্ষমতা ছেড়ে দিয়েছি। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য হরতাল করিনি। দুটি দল বারবার ক্ষমতায় যাওয়ার জন্য হরতাল করেছে। হরতালের জন্য ব্যবসায়ীরা সময় মতো মালামাল রপ্তানী করতে পারে না’।
তিনি জাপা শাসনামলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে বলেন, শিল্পায়ন ও উন্নয়নের জন্য অবকাঠামো দরকার। যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুত শিল্পায়নের প্রধান শর্ত। তার আমলেই দেশে সবচেয়ে বেশি অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। অথচ বর্তমান সরকারের চার বছরে দেশে এক মেগাওয়াট বিদ্যুতও উৎপাদন হয়নি।
তিনি বলেন, ‘ক্ষমতা ছাড়ার পর আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি। আমরা যেন আর ক্ষমতায় আসতে না পারি তাই দুটি দল দেশের শাসন ব্যবস্থারই পরিবর্তন করে ফেলেছে। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থাকলে আমরা আবারো ক্ষমতায় আসতাম। ক্ষমতা ছাড়ার পর আমরা একদিনও হরতাল করিনি। বরং আমরা হরতালের বিকল্প কর্মসূচির কথা বলেছি’।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, ‘আমার বিরুদ্ধে অনেক দুর্নীতির মামলা করা হয়েছে। আমি বা আমার মন্ত্রিসভার কোনো সদস্যই কোনো দুর্নীতি করিনি। আমরা দেশের উন্নয়নে কাজ করেছি। ব্যবসায়ীদের জন্য শুল্ক হ্রাস ও শিল্প প্রতিষ্ঠার জন্য ওয়ানস্টপ সার্ভিস চালু করেছি। ওষুধ নীতি প্রণয়ন করেছি। চিকিৎসকদের বিরোধিতার মূখে স্বাস্থ্যনীতি প্রণয়ন করতে পারিনি। স্বাস্থ্যনীতি থাকলে এখন মানুষকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হতো না’।
তিনি ঢাকার যানজটের কথা উল্লেখ করে বলেন, কোনো গন্তব্যে যাওয়ার জন্য ব্যবসায়ীদের রাস্তায় দু ঘন্টা থাকতে হয়। কিছুদিন পরে গন্তব্যে পৌঁছানোই যাবে না। তাই ঢাকা থেকে শিল্প ও বিভিন্ন প্রতিষ্ঠানকে বাইরে পাঠাতে হবে। আবারো সুযোগ পেলে দেশে গভীর সমুদ্র বন্দর, আন্তর্জাতিক মানের নতুন বিমানবন্দর এবং শিল্পায়নের সুযোগ সৃষ্টি করা হবে।
ভারতীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান টাটাকে কম মূল্যে গ্যাস দেওয়ার সরকারি সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, দেশীয় শিল্প প্রতিষ্ঠানের সাথে বৈষম্যমূলক দামে তাদের গ্যাস দেওয়া যাবে না। এতে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবে। আর টাটা তো এখানে ব্যবসা করার জন্যই আসতে চায়। তাদের প্রতি বিশেষ সুযোগ দেওয়ার প্রয়োজন নেই।
আলোচনা শেষে বেরিয়ে যাওয়ার সময় জোটে যাওয়ার ব্যাপারে জামায়াতের বিরোধিতা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘জামায়াত আমার মাথা ব্যথার কোনো কারণ নয়। জামায়াত কোনো বড় ব্যাপার নয়, চারদলের নেত্রী হলেন খালেদা জিয়া। তিনি যে সিদ্ধান্ত দেবেন, সকলকেই তা মানতে হবে’।
আসন বন্টন প্রশ্নে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা এ ব্যাপারে তিনি বলেন, ‘কত আসন পাবো তা জানি না। এখনো এ ব্যাপারে আলোচনা হয়নি। আগে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত হোক। আলোচনার পর চুক্তি হবে, তারপর আসন বন্টনের প্রশ্ন’।তিনি বলেন, জাতীয় পার্টি একটি নির্বাচনমুখি দল, কাজেই জাপা নির্বাচনে অংশ নেবেই। সেটা জোটে গিয়েই হোক আর এককভাবেই হোক।
