রুপালী ব্যাংক বিক্রির দরপত্র কার্যক্রমের উপর হাইকোর্টের স্থগিতাদেশ
রপালী ব্যাংক বিক্রির জন্য আহুত আন্তর্জাতিক দরপত্রের সকল কার্যক্রমের উপর সোমবার হাইকোর্ট তিনমাসের স্থগিতাদেশ দিয়েছে।
রুপালী ব্যাংকের শেয়ারহোল্ডার এবিএম আবু তাহেরের দায়ের করা একটি রিটের উপর সংক্ষিপ্ত শুনানী শেষে বিচারপতি মোঃ জয়নুল আবেদীন এবং বিচারপতি মাশুক হোসেন আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
একইসাথে রুপালী ব্যাংকের বেসরকারি শেয়ার বিক্রির আন্তর্জাতিক দরপত্র কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারন দর্শানোর জন্যও আদালত সরকারের প্রতি রুল জারি করেছেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে অংশগ্রহণ করেন ড. শিরীন শারমীন চৌধুরী।
এদিকে সৌদি যুবরাজের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান আল সৌদসহ দেশ বিদেশের চারটি প্রতিষ্ঠান সোমবার রুপালী ব্যাংক ক্রয়ের জন্য দরপত্র জমা দিয়েছে।
বিশ্বব্যাংক ও আইএমএফ’র সুপারিশ অনুযায়ী সরকার রুপালী ব্যাংক সম্পূর্ণভাবে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর অংশ হিসেবে প্রাইভেটাইজেশন কমিশন রুপালী ব্যাংক বিক্রির জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে।
