ঢাকা বিভাগে ৫ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের ট্যাংকলরী ও পেট্রোল পাম্প ধর্মঘট
পরিবহন ও জ্বালানী তেল ব্যবসায়ীরা কোটা পদ্ধতি বাতিল, এজেন্টদের নিয়মিত সরবরাহ এবং চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ডিজেল সরবরাহ অব্যাহত রাখার দাবিতে ঢাকা বিভাগে ৫ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের ট্যাংকলরী ও পেট্রোলপাম্প ধর্মঘট আহ্বান করেছে।
ঢাকা বিভাগীয় ট্যাংকলরী ওনার্স অ্যাসোসিয়েশন, ঢাকা বিভাগীয় জ্বালনি তেল পরিবেশক সমিতি এবং ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের এক যৌথ সভায় সোমবার এ ধর্মঘট আহ্বান করা হয়।
সংগঠনগুলোর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ সেপ্টেম্বরের মধ্যে ঢাকা বিভাগে চাহিদা অনুযায়ী ডিজেল সরবরাহ, কোটা পদ্ধতি বাতিল, এজেন্টদের প্রতি বিমাতাসূলভ আচরণ বন্ধ করা না হলে তিন সংগঠন ৫ সেপ্টেম্বর থেকে লাগাতার ধর্মঘটে যাবে।
গত এক সপ্তাহ যাবত ঢাকা বিভাগে ডিজেলের তীব্র সংকট দেখা দিয়েছে। রাজধানী ঢাকায় কোটা ব্যবস্থা জোরদার করায় নগরীর প্রায় প্রতিটি পেট্রোল পাম্পই ডিজেল শূন্য হয়ে পড়েছে বলে পাম্প মালিকরা জানান।
