২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবারের বাজার দর: চিনির মূল্য কেজি প্রতি ১ টাকা কমেছে

আর্ন্তজাতিক বাজারে চিনির মূল্য হ্রাসের কারণে শুক্রবার নগরীর বাজারগুলোতে চিনির মূল্য কেজি প্রতি ১ টাকা কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2006, 07:06 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

গত তিন সপ্তাহ যাবত ভোক্তাদের যখন সয়াবিনের জন্য বেশী টাকা গুণতে হচ্ছে ঠিক তখনই চিনির দাম কমলো।

শুক্রবার বাজারে গিয়ে প্রতি কেজি চিনি ৪০ - ৪১ টাকায় বিক্রি করতে দেখা গেছে। গত সপ্তাহে যা ছিলো ৪২ - ৪৩ টাকা।

নগরীর কারওয়ান বাজারের পাইকারী বিক্রেতা বাবলু জানান, আন্তর্জাতিক বাজারে চলতি সপ্তাহে চিনির মূল্য গত সপ্তাহের চেয়ে টন প্রতি ২৯ মার্কিন ডলার কমেছে। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি টন চিনির মূল্য ৪১০ মার্কিন ডলার বলেও তিনি জানান।

বাবলু আরো জানান, বর্তমানে তিনটি স্থানীয় চিনি প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান অপরিশোধিত চিনি আমদানী করে তা এখানে পরিশোধন করছে এবং এটা চিনির মূল্য হ্রাসে ভূমিকা রাখছে।

তিনি বলেন, বোতলজাত ও খোলা উভয় প্রকার সয়াবিনের মূল্য গত সপ্তাহের মতো একই রকম আছে। আমদানিকারকরা সয়াবিনের মূল্য সামান্য কমিয়েছেন বলে আমরা শুনেছি। কিন্তু এখন পর্যন্ত বাজারে এর কোন প্রভাব পড়েনি।

কারওয়ান বাজারে শুক্রবার প্রতি লিটার খোলা সয়াবিনের পাইকারী মূল্য ছিল ৫৩-৫৪ টাকা। অন্যদিকে ভালো মানের পাম অয়েলের মূল্য ছিল লিটার প্রতি ৫১ টাকা।

নগরীর পলাশী বাজারের বিক্রেতা সোহাগ বলেন, সয়াবিনের মূল্য প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে। আমরা আগে পুষ্টির মতো পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতল ২৬৫ টাকায় বিক্রি করলেও বর্তমানে তা ২৮০ টাকায় বিক্রি করছি।

এ ছাড়া নগরীর সকল খুচরা বাজারে স্থানীয় ও আমদানিকৃত উভয় প্রকার পেঁয়াজের মূল্য প্রতি কেজিতে ২ টাকা বেড়েছে। শুক্রবার ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি ১৮ টাকা এবং দেশী পেঁয়াজ ২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

অপরদিকে নগরীর বাজারগুলোতে বিভিন্ন শাক-সবজীর মূল্যও স্থির ছিল। প্রতি কেজি আলু ১৮ টাকায় বিক্রি হয় এবং ঢেঁড়স, শসা, বেগুন ও কাঁচামরিচ প্রতি কেজি ১৮-২০ টাকায় বিক্রি হয়।

চালের বাজারে একমাত্র পোলাওয়ের চাল ছাড়া অন্য সব ধরনের চালের মূল্য স্থিতিশীল রয়েছে।

কারওয়ান বাজারের বরিশাল রাইস এজেন্সির মালিক আইয়ূব আলী বলেন, আমরা প্রতি কেজি পোলাওয়ের চাল ৩৩ - ৩৪ টাকায় বিক্রি করছি, যা গত সপ্তাহে ছিল ৩২ - ৩৩ টাকা।

এদিকে সরবরাহ স্বল্পতার কারণে বাজারে গরুর মাংসের মূল্য অত্যধিক বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি মাংস ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি  হতে দেখা গেছে।