ন্যূনতম মজুরি বাস্তবায়নের আরো দুই মাস সময় চান পোশাক শিল্প মালিকরা
ন্যূনতম মজুরি বাস্তবায়নের সময়সীমা আরো দুই মাস বাড়াতে চান পোশাক শিল্প কারখানার মালিকরা। মজুরি বোর্ডের ওপর মালিকদের একক নিয়ন্ত্রন প্রতিষ্ঠাই মালিক, শ্রমিক ও সরকারের স্বাক্ষরিত চুক্তির সময়সীমা না মানার কারণ বলে বিডিনিউজের নিজস্ব অনুসন্ধানে দেখা গেছে।
বেশ কয়েকজন শ্রমিক নেতা এবং মজুরি বোর্ডের সদস্যরা বিডিনিউজকে জানিয়েছেন, সময় বাড়ানোর জন্য শ্রম মন্ত্রনালয়ে আবেদন করার আগে শ্রমিক নেতাদের সঙ্গে মালিকপক্ষ এ বিষয়ে কোনো আলোচনাই করেননি।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি এস এম ফজলুল হক এবং ন্যূনতম মজুরি বোর্ডের মালিকপক্ষের প্রতিনিধি আনিসুল হকের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল গত ৯ আগষ্ট প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। তবে এর একদিনই আগে শ্রম মন্ত্রণালয়ে সময় বাড়ানোর আবেদন করা হয়েছিল। তবে একাধিক সূত্র জানিয়েছে যে, বিজিএমইএর নেতারা এখনও প্রধানমন্ত্রীর সরাসরি সম্মতি পায়নি।
শ্রম মন্ত্রণালয়ে সময় বাড়ানোর জন্য আবেদনকারী আনিসুল হক ১৯৯৪ সালের এ খাতের ন্যূনতম মজুরির কথা স্মরণ করিয়ে দিয়ে বিডিনিউজকে বলেন, ওই ঘোষণা পেতে সাড়ে তিন বছর সময় লেগেছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করে মজুরি ঘোষণা করা উচিত।
এক প্রশ্নের জবাবে তিনি অবশ্য বলেন, ‘আমরাও চাই এ সরকারের আমলে এখাতে ন্যূনতম মজুরির ঘোষণা আসুক। যদিও এ সিদ্ধান্ত নেওয়া হলেও তা বাস্তবায়ন করা সম্ভব হবে না।
এদিকে ন্যূনতম মজুরি বোর্ডের প্রতিনিধি ও শ্রমিক নেতা জাফরুল হাসান সময় বাড়ানোর তীব্র বিরোধীতা করে বলেন, এ বিষয়ে আমাদের কোনো কিছুই এখন পর্যন্ত জানানো হয়নি। তবে এ ধরনের প্রস্তাব কোনভাবেই মেনে নেওয়া হবে না।
জাফরুল হাসান বলেন, শ্রমিক নেতাদের সম্মতিতে চুক্তি অনুযায়ী ৩১ আগষ্টের পরিবর্তে বড়জোর ১২ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া যেতে পারে। কারণ ১২ জুন তিনপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
অন্যদিকে ত্রিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষরকারী একাধিক শ্রমিক নেতা বিক্ষুব্ধ হয়ে বলেন, মালিকদের বোঝা উচিত, শ্রমিকের আন্দোলনের সাফল্য হিসেবেই তাদের তিনমাসের মধ্যে ন্যূনতম মজুরি ঘোষণা দিতে হচ্ছে। যদিও এর আগে নানা ছল-ছুঁতোয় গত ১২বছর ন্যূনতম মজুরির ঘোষণা দেওয়া হয়নি।
শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদের সমন্বয়ক ওয়াজেদুল ইসলাম বলেন, এ সরকারের আমলেই এ খাতের ন্যূনতম মজুরি ঘোষণা দিতে হবে।
মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য এবং আইবিএর অধ্যাপক ইকবাল আহমেদ বিডিনিউজকে জানান, গত এক সপ্তাহ আগে মজুরি বোর্ডের ১৮তম সভায়ও এ ধরনের কোনো প্রস্তাবের বিষয়ে আলোচনা হয়নি। তাছাড়া শ্রমিকদের সঙ্গে আলোচনা বাদেই হঠাৎ করে সময় বাড়ানোর ঘোষণা দেওয়ার একক এখতিয়ারও সরকারের নেই।
এদিকে মালিকপক্ষ ন্যূনতম মজুরির ক্ষেত্রে মূল বেতন ১২৩০ টাকা করার কথা বললেও পরে তা বাড়িয়ে ১৩০০ টাকার প্রস্তাব দিয়েছে। যদিও তা মালিকপক্ষের মামলার কারণে ২০০১ সালে ভেঙ্গে যাওয়া ন্যূনতম মজুরি থেকে মাত্র ৫০ টাকা বেশি। এদিকে শ্রমিক পক্ষের দাবি হলো ন্যূনতম মূল বেতন ৩০০০ টাকা।
মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য ইকবাল আহমেদ অবশ্য এর মধ্যেই শ্রমিকের ন্যূনতম মূল বেতন ১৮০০ টাকাসহ মোট বেতন ২৬৫০ টাকা প্রস্তাব করেছেন।
সূত্র জানায়, আগামী বৃহষ্পতিবার ন্যূনতম মজুরী বোর্ডের ১৯ তম সভায় শ্রমিক পক্ষ থেকে নতুন প্রস্তাব আসতে পারে।এদিকে বিজিএমইএ সভাপতি ফজলুল হক আবেদনের কথা স্বীকার করে বলেন, আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কোনো কথা বলিনি। তবে তার সঙ্গে দেখা করার একদিন আগেই মালিক পক্ষ থেকে এ আবেদন করা হয়।
তিনি বলেন, দেশের অর্থনীতিবিদ ও শ্রমিক নেতাসহ বিভিন্ন পেশাজীবীর সামনে আমাদের হিসাব উন্মুক্ত করে দিতে প্রস্তুত।
