ক্রয় নীতিমালা লঙ্ঘন করে বিদেশী পণ্য আমদানি করছে সরকারি প্রতিষ্ঠানগুলো, ক্ষতির মুখে দেশীয় শিল্প
দেশের বিভিন্ন মন্ত্রণালয়, তাদের অধীনস্থ সংস্থা ও প্রতিষ্ঠানগুলোতে সরকারি ক্রয় নীতিমালা মানা হচ্ছে না। নীতিমালা ও নির্দেশ অমান্য করে প্রতিষ্ঠানগুলোতে অবাধে বিদেশী পণ্য ও যন্ত্রাংশ আমদানি করায় দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে।
বিসিক ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় পাঁচ লাখ ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সাব কন্ট্রাকটিং) প্রতিষ্ঠান রয়েছে। এসব শিল্পের সাথে প্রায় পাঁচ লাখ শিল্প মালিক ও ৫০ লাখ শ্রমিক কর্মচারি জড়িত। দেশীয় এসব শিল্প প্রতিষ্ঠানে অনেক গুরুত্বপূর্ণ ও দামী বিদেশী পণ্য ও যন্ত্রাংশ দেশেই প্রস্তুত হচ্ছে।
সূত্র জানায়, দেশীয় এসব শিল্প কার্যত তিন ক্যাটাগরির পণ্য সামগ্রী ও যন্ত্রাংশ উৎপাদন করে। এর মধ্যে ম্যানুফ্যাকচারিং শিল্পে ধাতব, কাগজ, প্লাস্টিক, কেমিক্যাল, বৈদ্যুতিক ও সিরামিক পণ্য তৈরি হয়। নন - ম্যানুফ্যাকচারিং শিল্পে নির্মাণ ও কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রাংশ ও সামগ্রী এবং সিভিল ইন্ডাস্ট্রিজে পরিবহন, অটোমোবাইল, সেলাই মেশিনসহ বিভিন্ন জিনিস তৈরি করা হয়।
ব্যবসায়ীদের অভিযোগ, শিল্প মন্ত্রণালয়ের নির্দেশ ও অনুমোদন থাকা সত্ত্বেও প্রশাসনের কিছু ব্যক্তি সরকারি অফিসে ও কারখানায় ব্যবহারের জন্য এসব পণ্য না কিনে বিদেশ থেকে যথেচ্ছ আমদানি করছে। এসব প্রতিষ্ঠান দেশীয় পণ্য কেনার ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছে না। দেশীয় পণ্য ও যন্ত্রাংশের মান পরীক্ষা না করেই দুর্নীতিবাজ এসব কর্মকর্তা মান নিয়ে প্রশ্ন তুলে বিদেশী পণ্য আমদানি করছেন। ফলে স্বল্পমূল্যের দেশীয় পণ্য ও যন্ত্র - সামগ্রী না কিনে বেশি দামের বিদেশী পণ্য কিনে দেশের অর্থের অপচয় করছে।
বাংলাদেশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প মালিক সমিতির মহাসচিব আসলাম আলী বিডিনিউজকে জানান, সরকারের ঘোষিত নীতিমালা ও নির্দেশের বাস্তবায়ন না হওয়া দেশীয় বিকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে। এক্ষেত্রে অনেক শিল্প মালিক ক্ষতিগ্রস্ত হবে এবং কয়েক লাখ কর্মজীবী মানুষ নতুন করে বেকারত্বের কবলে পড়বে।
তিনি এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) তথ্য অনুযায়ী, এসব ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারের সাথে প্রতিযোগিতামূলক মানের পণ্য ও যন্ত্রাংশ উৎপাদন করছে। যা দেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠানের ব্যাকওয়ার্ড লিংকেজ এর কাজে ব্যবহৃত হচ্ছে। দেশীয় শিল্প বিকাশ ও বিকল্প কর্মসংস্থানের স্বার্থে বিসিক এবং শিল্প মন্ত্রণালয় এসব প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য ও যন্ত্রাংশের মান পরীক্ষা করে বাজারজাত করার জন্য অনুমোদন দিচ্ছে।
সূত্র মতে, মানসম্মত পণ্য ও যন্ত্রাংশ উৎপাদনের কারণে ১৯৮৯ সালে তৎকালিন সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে একটি নীতিমালা প্রণয়ন করে। যা কার্যকর হওয়ার আগেই সেই সরকারের পতন হলে নীতিমালাটির বাস্তবায়ন বিলম্বিত হয়। পরে ১৯৯৩ সালে তৎকালিন প্রধানমন্ত্রী খালেদা জিয়া মানসম্মত এসব পণ্য ও যন্ত্রাংশ দেশীয় বাজারে বিক্রির ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ফলে সরকারি ক্রয় নীতিমালায় পরিবর্তন করে দুই বছরের জন্য বিদেশী পণ্য বা যন্ত্রাংশের সাথে সমপরিমাণ দেশীয় পণ্য ও যন্ত্রাংশ কেনার নির্দেশ জারি করা হয়।
সূত্র জানায়, এ সময় দেশীয় এসব শিল্পের চাহিদা বেড়ে যায়। এসব প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য ও যন্ত্রাংশের বিক্রি বেড়ে যায় এবং উৎপাদনকারিরাও দ্বিগুণ উৎসাহে উৎপাদন বৃদ্ধি করে। কিন্তু হঠাৎ করেই ২০০৩ সালে পাবলিক প্রকিউরমেন্ট রেগুলেশন জারি হওয়ার পর সরকারি প্রতিষ্ঠানগুলো এসব শিল্পের উৎপাদিত পণ্য ও যন্ত্রাংশ কেনা বন্ধ করে দেয়। ফলে আকস্মিকভাবে এ ব্যবসায় ধ্বস নামে এবং অনেক ব্যবসায়ীই ক্ষতিগ্রস্ত হন।
পরে ব্যবসায়ীদের দাবি ও আপত্তির মুখে ২০০৫ সালের ৫ মে শিল্প মন্ত্রণালয় থেকে পূর্বের সাব কন্ট্রাকটিং বিধিমালা অনুসারে বিভিন্ন মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাগুলোর সরকারি ক্রয়নীতি বহাল করার নির্দেশ দেওয়া হয়।
বিসিকের নাম প্রকাশে অনিচ্ছুক এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, একদিকে সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে এগিয়ে নিতে সহায়তা করছে। অন্যদিকে সরকারি অফিসেই এসব শিল্প প্রতিষ্ঠান থেকে উৎপাদিত পণ্য সামগ্রী ও যন্ত্রাংশ ক্রয় নীতিমালা মানা হচ্ছে না। এতে দেশীয় শিল্প চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
