মুদ্রা পাচার সংক্রান্ত মামলা নিয়ে বাংলাদেশ ব্যাংক অসহায়
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইডি) বা দুর্নীতি দমন কমিশন (এসিসি) এর কেউই মুদ্রা পাচার সংক্রান্ত মামলার তদন্ত ভার গ্রহণ না করায় বাংলাদেশ ব্যাংক বর্তমানে মামলাগুলো নিয়ে অসহায় হয়ে পড়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, নীতিমালাগত জটিলতার কারণে বাংলাদেশ ব্যাংক ওই মামলাগুলো কোন তদন্তকারী সংস্থার কাছে পাঠাতে পারছে না। এর ফলে মুদ্রা পাচার সংক্রান্ত সবগুলো মামলার তদন্ত কাজ বর্তমানে স্থবির হয়ে পড়েছে।
এ বছরের শুরুর দিকে দূর্নীতি দমন কমিশন (এসিসি) নীতিমালাগত সীমাবদ্ধতার কারণে ওই মামলাগুলো তদন্তে তাদের অক্ষমতার বিষয়টি বাংলাদেশ ব্যাংককে অবগত করলে এই সমস্যার সূত্রপাত হয়।
বাংলাদেশ ব্যাংকের এক উর্দ্ধতন কর্মকর্তা বলেন, যে আইনের অধীনে এসিসি প্রতিষ্ঠিত হয়েছে সেখানে মুদ্রা পাচার প্রতিরোধ অ্যাক্টের বিষয়ে কোন উল্লেখ নেই।
একই সময়ে দুর্নীতি দমন কমিশন সবগুলো মামলা বাংলাদেশ ব্যাংকে ফেরত পাঠায়।
তিনি বলেন, এর আগে আমরা তদন্তের জন্য মামলাগুলো দুর্নীতি দমন ব্যুরোতে পাঠিয়েছিলাম।
পরে বাংলাদেশ ব্যাংক ৪৬টি মামলা তদন্তের জন্য সিআইডিকে অনুরোধ জানায়। কিন্তু নীতিমালাগত প্রতিবন্ধকতার কারণে সিআইডি গত মাসে মামলাগুলোর দায়িত্ব নিতে অস্বীকৃতি জানায়।
এ ছাড়া সিআইডি তাদের কাছে মামলা পাঠানোর আগে কেন্দ্রীয় ব্যাংককে প্রাথমিক তদন্ত প্রতিবেদন (এফআইআর) জমা দিতে অনুরোধ জানায়।
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা বলেন, এফআইআর জমা দেওয়াটা তাদের পক্ষে সম্ভব নয়, কারণ এ ধরনের কাজ করার মতো পেশাগত দক্ষতা তাদের নেই।
তিনি বলেন, সিআইডির সাথে আমরা ধারাবাহিক আলোচনার মধ্যে রয়েছি। স্বল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে এবং তদন্তের জন্য তাদের কাছে মামলাগুলো পাঠাতে পারবো বলেও আমরা আশাবাদী।
