২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র জিএসপি কাঠামো পরিবর্তন করছে, মধ্য আয়ের দেশগুলোর সুবিধা তুলে নেয়া হতে পারে

মার্কিন সরকার জেনারেলাইজ সিস্টেম অব প্রেফারেন্স (জিএসপি) কাঠামোতে বড় ধরনের পরিবর্তন করতে যাচ্ছে। এর ফলে ১৯৭৬ সাল থেকে বাস্তবায়িত স্বল্পোন্নত দেশ ও আফ্রিকার দেশগুলো ছাড়া অন্যসব জিএসপি সুবিধাপ্রাপ্ত দেশগুলোর নতুন করে সুবিধা প্রাপ্তির মানদন্ড বা কাঠামো নির্ধারিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2006, 08:16 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

মার্কিন বাণিজ্য কর্মকতারা জানায়, বাণিজ্য নীতি স্টাফ কমিটি (টিপিএসসি) নতুনভাবে বর্তমানে প্রযোজ্য ৮৩টি প্রতিযোগিতার চাহিদার সীমাবদ্ধতা (সিএসএল) পর্যালোচনা করছে, যার মাধ্যমে ব্রাজিল, ভারত, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া ও থাইল্যান্ডসহ ১৩টি মধ্য আয়ের দেশের জিএসপি সুবিধায় বড় ধরনের পরিবর্তন আসছে।

তারা জানান, নতুন এই পর্যালোচনার মাধ্যমে ১৩টি মধ্য আয়ের দেশের জিএসপি সুবিধা বাতিল, সীমাবদ্ধ বা স্থগিত করা হতে পারে।

জিএসপি সাবকমিটির সুপারিশ অনুসারে নতুন জিএসপি সুবিধা আগামী ২০০৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে।

নতুন জিএসপি পর্যালোচনা অনুসারে যেসব জিএসপি সুবিধাপ্রাপ্ত দেশ যুক্তরাষ্ট্রে ২০০৫ সালে ১০ কোটি ডলারের বেশি রপ্তানি করেছে এবং ইতোমধ্যে মধ্য আয়ের দেশ হিসেবে স্থান অর্জন করেছে বা সমগ্র বিশ্ব বাণিজ্যের দশমিক ২৫ শতাংশ বেশি রপ্তানি করেছে, তারা এ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশংকা রয়েছে।

বাণিজ্য বিশেষজ্ঞরা বলেন, যদিও এ পর্যালোচনা মার্কিন সরকারের স্বায়ত্বশাসিত একটি প্রক্রিয়া, তবুও এ সুবিধা যে কোনভাবেই চলমান বিশ্ব বাণিজ্য সংস্থার বাণিজ্য সমঝোতার সঙ্গে যুক্ত।

তারা জানান, মার্কিন প্রশাসন জিএসপি সুবিধার নতুন কাঠামোতে কিছু মধ্য আয়ের দেশের অধিকতর সুবিধা প্রাপ্তি হ্রাস করে ভবিষ্যত মার্কিন সরকারের আঞ্চলিক বা দ্বিপাক্ষিক বিশেষত বিশ্ব বাণিজ্য সংস্থার বাণিজ্য সমঝোতার অনুসারে নির্ধারণ করতে যাচ্ছে।     

যুক্তরাষ্ট্র শুল্কমুক্ত সুবিধার আওতায় ২০০৫ সালে প্রায় ২৭ বিলিয়ন ডলার আমদানি করেছে, যা ২০০৪ সালের তুলনায় ১৮ শতাংশ বেশী। তবে টেক্সটাইল ও পোশাক আমদানি এ সুবিধার আওতার বাইরে রয়েছে।

উন্নয়ন অর্থনীতিবিদ রাশেদ আল মাহমুদ তীতুমীর তার সম্প্রতি এক গবেষণায় উল্লেখ করেছেন, বাংলাদেশ থেকে জিএসপি’র আওতায় দুই কোটি মার্কিন ডলার রপ্তানি হয়েছে, যা যুক্তরাষ্ট্রে দেশের মোট রপ্তানির ১ শতাংশের চেয়েও কম।

তিনি বলেন, মার্কিন সরকার তার দেশের শিল্প খাতের প্রতিযোগিতা সক্ষমতার ওপর নির্ভর করে জিএসপি সুবিধা নির্ধারণ করে থাকে। তবে জিএসপি সুবিধা প্রদানের ক্ষেত্রে মার্কিন সরকার আঞ্চলিক বা দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনে অধিকতর গুরুত্ব আরোপ করে।

এদিকে জিএসপি সুবিধা প্রাপ্তির যোগ্যতা পর্যালোচনা শুরু হওয়ার পর থেকে দক্ষিণ আফ্রিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনে চাপ অনুভব করছে।

যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা তুলে নিলে দক্ষিণ আফ্রিকার যানবাহন ও তার খুচরা যন্ত্রাংশ রপ্তানি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে।

বর্তমানে জিএসপি সুবিধার আওতায়  যে কোন দেশে ১২ কোটি ডলার রপ্তানি করা সম্ভব।

১৯৮৯ সালে মার্কিন সরকার হংকং, সিঙ্গাপুর, দক্ষিন কোরিয়া এবং তাইওয়ানের জিএসপি সুবিধা তুলে নেয় এবং ১৯৯৭ সালে মালয়েশিয়াও এ সুবিধা থেকে বঞ্চিত হয়।