২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়কর অধ্যাদেশের অপপ্রয়োগ: বিনিয়োগ থেকে বঞ্চিত হচ্ছে সরকার

আয়কর অধ্যাদেশের অপপ্রয়োগের মাধ্যমে কোম্পানির শেয়ার কেনার ভুয়া কাগজপত্র দেখিয়ে এক শ্রেণীর অসৎ লোক গত অর্থবছরে মোটা অংকের কর ফাঁকি দিয়েছে। সূত্র জানায়, অধ্যাদেশের ১৯ ক ক ক ধারা অনুযায়ী বিনিয়োগ সুবিধার সুযোগ নিয়ে তারা এ অপরাধমূলক তৎপরতা চালিয়ে আসছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2006, 06:44 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

আয়কর বিভাগের কর্মকর্তারা জানান, বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ওই অধ্যাদেশে যে সুযোগ রাখা হয়েছে সেটির অপপ্রয়োগের ফলে বিনিয়োগে লক্ষ্যমাত্রা অর্জনে সরকার ব্যর্থ হয়েছে।

বিডিনিউজের এক অনুসন্ধানে দেখা গেছে, আয়কর বিধি অনুযায়ী সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সনদ এবং শেয়ারের ফটোকপি দাখিল করার বাধ্যবাধকতা সত্ত্বেও বেশ কয়েকজন ব্যক্তি শেয়ার বিক্রয় প্রতিষ্ঠানের চিঠি ছাড়া আর কিছু জমা দেয়নি।

কতিপয় আয়কর কর্মকর্তার যোগসাজশে বিধি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া ছাড়াই পার পেয়ে গেছে তারা।

আয়কর কর্মকর্তারা জানান, অর্থের উৎস উল্লেখ না করেই বিনিয়োগের সুযোগ রাখায় আয়কর অধ্যাদেশের ১৯ ক ক ক ধারার অপপ্রয়োগ ঘটিয়ে কয়েশ লোক কর ফাঁকি দিয়েছে। করদাতারা সেবাখাত ও শিল্পকারখানার শেয়ার ক্রয়ের ভুয়া সনদ দেখিয়েছে। বিডিনিউজের এক অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে।

আয়কর অধ্যাদেশের ১৯ ক ক ক ধারা অনুযায়ী সেবাখাতে বিনিয়োগের সময়সীমা এ বছরের ৩০ জুলাইয়ের মধ্যে শেষ হয়ে গেলেও চলতি অর্থবছরেও উৎপাদনখাতে বিনিয়োগের সুযোগ রয়েছে।

বিধি অনুযায়ী ৮৫ হাজার টাকা বার্ষিক আয়ের কোনও লোক চাইলে ৬২ লাখের বেশি টাকার শেয়ার কিনতে পারবে। অবিশ্বাস্য হলেও সত্য একজন শেয়ার ক্রেতা এ ধরনের একটি চিঠি জমা দিয়েছে। এসইসি’র চিঠি ও সনদ ছাড়া আয়কর রিটার্নে তাই উল্লেখ করেছে সে।

ওই ব্যক্তি ২০০৫- ০৬ অর্থবছরে ন্যাশনাল ব্যাংকের প্রতিটি ১০০ টাকা মূল্যের ৬২ হাজার ৩২০ টি শেয়ার কিনে এবং আয়কর রিটার্নের সাথে ব্যাংকের একজন ভাইস প্রেসিডেন্টের দেওয়া এ তথ্য সম্বলিত চিঠি দাখিল করে।

একইভাবে আরও একজন আয়কর অধ্যাদেশের অপপ্রয়োগ ঘটিয়েছে বলে সূত্র জানায়। ২ লাখ ২ হাজার ৫০০ টাকা বাৎসরিক আয়ের ওই ব্যক্তি ভুয়া একটি কোম্পানির ৯ লাখ টাকার শেয়ার ক্রয়ের কাগজপত্র দেখিয়েছে। অথচ আয়কর রিটার্নে শেয়ার সনদ ও এসইসির কাগজপত্র সংযুক্ত করা হয়নি।

আয়কর বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বিডিনিউজকে বলেন, এক শ্রেণীর অসৎ লোক আয়কর বিভাগের কতিপয় কর্মকর্তার যোগসাজশে আয়কর অধ্যাদেশের সুযোগ কাজে লাগিয়ে কোটি কোটি টাকার কর ফাঁকি দিচ্ছে।

এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আয়কর প্রক্রিয়া) এএস জহির মোহাম্মদ বলেন, শেয়ার সনদের ফটোকপি দাখিল না করা হলে এ সংক্রান্ত কাগজপত্র গ্রহণযোগ্য হবে না।

তিনি বলেন, আইন অনুযায়ী প্রয়োজনীয় সকল কাগজপত্র দাখিল করতে হবে। এ ধরনের কর ফাঁকির বিষয় দেখার দায়িত্ব পরিদর্শন পরিদপ্তরের।