দিনাজপুরে খরার কারণে আমন আবাদ হুমকির মুখে
দেশের উত্তরাঞ্চলে চলতি বছরে বৃষ্টিপাত না হওয়ায় খরা দেখা দিয়েছে। এর ফলে কৃষকরা আমন আবাদের ব্যাপারে উদ্বিগ্ন হয়ে পড়েছে।
আবহাওয়া বিভাগ জানায়, এ মাসে বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই।
ফলে, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ এবং কৃষকরা বিকল্প সেচ ব্যবস্থা গ্রহণ করেছে।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, সিরাজগঞ্জ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে।
বৃহত্তর দিনাজপুরের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের এক কর্মকর্তা বিডিনিউজকে জানান, ইতোমধ্যে ঠাকুরগাঁও অঞ্চলে এক হাজার ৯শ’ ১২টি গভীর নলকূপ চালু করা হয়েছে। এর ফলে কৃষকরা আট হাজার হেক্টর জমিতে আমনের আবাদ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম হবে।
তিনি আরও জানান, দিনাজপুর-১ ও ও ইউনিট-২ এ সহস্রাধিক গভীর নলকূপ চালু করা হচ্ছে। যেখানে গভীর নলকূপের সুযোগ নেই সেখানে কৃষকরা বিকল্প উপায়ে আমন আবাদের উদ্যোগ নিয়েছে।
তবে চলমান খরা অব্যাহত থাকলে আমন উৎপাদনে বিপর্যয় ঘটবে বলে কৃষির সাথে সংশ্লিষ্ট মহল আশঙ্কা প্রকাশ করেছেন।
