২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকি দিতে ১০ লাখ টাকার গাড়ি দাম দেখানো হয় ৫ লাখ

বাংলাদেশে একটি রিকন্ডিশনড গাড়ির দাম মাত্র চার থেকে পাঁচ লাখ টাকা। ভাবছেন ভারী সস্তা! তবে গাড়ির দাম যাচাই করতে দোকানে ভিড় করে লাভ নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2006, 08:10 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

এই দামে শুধু কাগুজে গাড়িই মিলবে কারণ আয়কর রিটার্ন ছাড়া এ দামের কোনো বাস্তব অস্তিত্ব নেই।

আয়কর বিভাগের এক কর্মকর্তা জানান, আয়কর বিভাগের তিন নম্বর সার্কেলের একজন করদাতা আয়কর রিটার্নে টয়োটা ২১০০ মডেলের একটি গাড়ির দাম দেখিয়েছেন ৪ লাখ ৮৮ হাজার টাকা। আরেক করদাতা একটি ১৫০০ সিসি জাপানি গাড়ির দাম দেখিয়েছেন ৬ লাখ ৫০ হাজার টাকা। প্রকৃতপক্ষে এসব গাড়ির কোনোটির দামই ১০ লাখের কম নয়।

কর্মকর্তারা জানান, বিক্রেতাদের পরোক্ষ সহযোগিতায় করদাতারা প্রকৃত মূল্যের চেয়ে কম মূল্য দেখিয়ে মোটা অংকের কর ফাঁকি দিচ্ছে।

বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিকেল ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারবিডা) সভাপতি আব্দুল মান্নান চৌধুরী (খসরু) বলেন, গত ২০০৫ - ০৬ অর্থবছরে বাংলাদেশ আট হাজার রিকন্ডিশনড গাড়ি আমদানি করে। অধিকাংশ গাড়িই আসে জাপান থেকে। আমদানিকৃত রিকন্ডিশনড কোনও গাড়ির দামই ৯ লাখ ৭৫ হাজারের কম নয়।

আয়কর বিধি অনুযায়ী ১৫০০ সিসি পর্যন্ত যানবাহনের জন্য ৫ শতাংশ হারে এবং ১৫০০ সিসির বেশি হলে সেক্ষেত্রে ৭ দশমিক ৫ শতাংশ হারে আয়কর পরিশোধ করতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন আয়কর কর্মকর্তা বিডিনিউজকে জানান, ১৫০০ সিসি পর্যন্ত গাড়ির দাম ১০ লাখ টাকা হলে ৫ শতাংশ হারে প্রত্যেকটির জন্য আয়কর হবে ৫০ হাজার টাকা। কিন্তু মূল্য কম দেখানোর ফলে সরকার আয়কর পাচ্ছে ৫০ হাজারের অর্ধেক।

কম দামের রসিদ দেওয়ার কথা অস্বীকার করে বারবিডা সভাপতি বলেন, বিভিন্ন কারণে তারা প্রায়ই কম মূল্যে গাড়ি বিক্রি করে থাকেন। এছাড়া আমদানির পর ত্র“টি পাওয়া গেলে, চট্টগ্রাম থেকে ঢাকা নিয়ে আসার সময় কোনও দুর্ঘটনা ঘটলে সেসব গাড়ি তাদের কম দামে ছেড়ে দিতে হয়।

তিনি আরও বলেন, ক্রয় মূল্যের চেয়েও কমে গাড়ি বিক্রি করার অধিকার আমার আছে।

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আয়কর প্রক্রিয়া) এএস জহির মুহাম্মদ বিডিনিউজকে জানান, কর ফাঁকির ব্যাপারটি দেখার দায়িত্ব কর উপকমিশনারের।

তিনি বলেন, আয়কর রিটার্নে গাড়ির যে দাম দেখানো হয় তা সঠিক মনে না হলে রসিদের পরিবর্তে উপকমিশনার বিলের ভুক্তি চাইতে পারেন।