কুড়িগ্রাম জেলায় পাট নিয়ে কৃষকরা বিপাকে
কুড়িগ্রাম জেলার খাল-বিলে পানি না থাকায় কৃষকরা পাট নিয়ে বিপাকে পড়েছে। অল্প পানিতে গাদাগাদি করে পাট পচাঁনোর কারণে পাটের মান ভাল হচ্ছে না।
সূত্র জানায়, গত বছর জুলাই মাসে কুড়িগ্রাম জেলায় ৭৭২ মিলি মিটার এবং আগস্ট মাসে ৪০৯ মিলি মিটার বৃষ্টি হয়েছিল। চলতি বছর জুলাই মাসে বৃষ্টি হয় মাত্র ২৩৮ মিলি মিটার এবং আগস্ট মাসে এ পর্যন্ত মাত্র ৫০ মিলি মিটার বৃষ্টি হয়েছে।
এ কারণে পাট পঁচানো সম্ভব হচ্ছে না। গাদাগাদি করে পাট পঁচানোর কারণে পাটের মানও ভাল হচ্ছে না। ফলে কৃষকরা পাটের ভাল দাম পাচ্ছে না। বাজারে পাটের ভাল দাম থাকার পরও এ ধরনের পাটের চাহিদা কম থাকায় কৃষকরা ফড়িয়া মহাজনদের কাছে কম দামে পাট বিক্রি করতে বাধ্য হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিজেএমসি’র আওতাধীন জুট মিলগুলো জেলায় পাট কেন্দ্র চালু না করায় পাটের বাজারে বিরূপ প্রভাব পড়ছে। লতিফ বাওয়ানী জুট মিলস্ ভুরুঙ্গামারীতে একটি পাট ক্রয় কেন্দ্র খুলে ৭৬৭ টাকা ২০ পয়সা মণ দরে মাত্র এক হাজার ১শ’ ৯৫ মণ পাট ক্রয় করে আর পাট ক্রয় করছে না।
কুড়িগ্রাম শহরে পিপলস জুট মিলস ক্রয় কেন্দ্র খুললেও তারা পাট কেনা শুরু করেনি। লাকী পারচেজ কয়েক মণ পাট কিনে আর পাট কিনছে না।
ব্যক্তি মালিকানাধীন শরীফ জুট মিলস চিলমারীতে একটি পাট ক্রয় কেন্দ্র খুলে এ পর্যন্ত ৭৮৯ টাকা ২০ পয়সা প্রতিমণ দরে ১,২০০ মণ পাট ক্রয় করেছে।
সরকারী আওতাধীন মিলগুলোর ক্রয় কেন্দ্র না থাকায় স্থানীয় ফড়িয়া মহাজনরা পাট কিনছেন না।
কুড়িগ্রাম জেলার মুখ্য পাট পরিদর্শক সাইফুর রহমান জানান, জেলায় পাট ক্রয়ের জন্য ২০৭ জন ফরিয়া লাইসেন্স করলেও তারা পাট কিরতে শুরু করেননি। এখন প্রতিটি উপজেলায় পাট ক্রয় কেন্দ্র না থাকায় কৃষকরা নায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। এ জন্য আমাদের করণীয় কিছু নেই। কেননা আমাদের কাজ বাজার দর সংগ্রহ, লাইসেন্স পরিদর্শন এবং ভিজা পাট বিক্রির বিরুদ্ধে অভিযান।
