ছয় বিলিয়ন ডলার বিনিয়োগের বিনিময়ে রূপালী ব্যাংকের দায়িত্ব নিতে যাচ্ছেন সৌদি প্রিন্স
বাংলাদেশের অর্থনীতিতে ছয় বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের দায়িত্ব নিতে যাচ্ছেন সৌদি প্রিন্স বন্দর বিন মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সৌদ।
সূত্র জানিয়েছে, সৌদি প্রিন্স ব্যাংকটি ক্রয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করায় অধিকাংশ নিলাম ডাককারী প্রতিষ্ঠান সরে দাঁড়িয়েছে। সরকারিভাবে নিলাম ডাকের আনুষ্ঠানিকতা শুধুই বাকি।
রাষ্ট্রায়ত্ত চারটি বাণিজ্যিক ব্যাংকের একটি হচ্ছে রূপালী ব্যাংক। রূপালী ব্যাংকের প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে দুই বিলিয়ন ডলার।
এর আগে গত মাসে ঢাকা সফরকালে সৌদি প্রিন্স বলেছিলেন, সৌদি আরবের রাজ পরিবারকে রূপালী ব্যাংক কেনার অনুমতি দিলে তিনি বাংলাদেশের বিকাশমান খাতগুলোতে ছয় বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন।
বেসরকারিকরণ কমিশন আন্তর্জাতিক দরপত্র আহ্বানের মাধ্যমে রূপালী ব্যাংক বিক্রয়ের উদ্যোগ নিয়েছে। দরপত্রের সময়সীমা গত বছর থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার পরিবর্তন করা হয়।
বর্তমানে সরকার রূপালী ব্যাংকের ৯৩ দশমিক ২৬ শতাংশ শেয়ারের মালিক।
গৃহীত পরিকল্পনা অনুযায়ী সরকার রূপালী ব্যাংকের ৬৭ দশমিক ২৬ শতাংশ শেয়ার বিক্রি করে দেবে এবং ২৬ শতাংশ মূলধন ধরে রাখবে। বর্তমানে সারা দেশে প্রায় ৫০০ শাখায় ৪ হাজার ৪৭২ জন কর্মকর্তা - কর্মচারী কর্মরত আছে।
এ বছরের ৭ মে বেরসকারীকরণ কমিশন সাতটি প্রতিষ্ঠানের জমা দেওয়া আগ্রহ প্রস্তাব (ইওই) অনুমোদন করে।
শেষ পর্যন্ত নিলামে অংশ নিচ্ছে যৌথভাবে ডমেস্টিক ইনভেস্টরস কনসোর্টিয়াম, সামিট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মার্কেন্টাইল কর্পোরেশন লিমিটেড বাংলাদেশ, ন্যাশনাল হাউজিং ও এফএমও নেদারল্যান্ডস ডেভলপমেন্ট ফাইনান্স কোম্পানি এবং আলাদাভাবে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, স্যাবরি ক্যাপিটাল ওয়ার্ল্ডওয়াইড লিমিটেড, ব্যাংক মাসকট অব ওমান, প্রিন্স বন্দর বিন মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সৌদ, মালয়েশিয়ার এমএএ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট লিমিটেড, যুক্তরাজ্যের জে জে ফাইনান্স লিমিটেড। শিগগিরই এ নিলাম অনুষ্ঠিত হবে।
