কর্ণফুলীর ওপর হয় ঝুলন্ত সেতু, না হয় পিলারবিহীন সরাসরি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন মেয়র মহিউদ্দিন
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন আহমেদ চৌধুরী এবার কর্ণফুলী নদীর ওপর ঝুলন্ত সেতু না হলে পিলারবিহীন সরাসরি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
তিনি বলেন, পিলারভিত্তিক সেতু নির্মাণের সরকারি সিদ্ধান্ত বাতিল করা না হলে আগামী ১০ দিনের মধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে।
মেয়র মঙ্গলবার চট্টগ্রাম সিটি করপোরেশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
তিনি বলেন, তৃতীয় কর্ণফুলী সেতুটি ঝুলন্ত হলে নদীর নাব্যতা, বন্দর ও চ্যানেলের কোনো ক্ষতি হবে না। দেশী - বিদেশী বিশেষজ্ঞরাও এই মত প্রকাশ করেছেন।
তিনি এ বিষয়ে দেশী ও বিদেশী বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে ঝুলন্ত সেতুর কারিগরি দিক যাচাই - বাছাই করার দাবি জানান। একই সঙ্গে মেয়র এ বিষয়ে যোগাযোগ মন্ত্রীর সুস্পষ্ট ঘোষণা দাবি করেন।
মেয়র মহিউদ্দিন চৌধুরী বলেন, এ বিষয়ে যে কোনো আলোচনায় বসতে আমি রাজি আছি। তবে আমি এখনো এজন্য সরকারের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক পত্র পাইনি।
তিনি আরো বলেন, ঝুলন্ত সেতু ব্যয়বহুল মনে করা হলে এ খাতে পার্টনারশিপে বিদেশী দাতাগোষ্ঠির সহায়তা নেওয়া যেতে পারে। প্রয়োজনে এ জন্য অর্থ সংগ্রহ করতে আমি নিজেই সরকারকে সাহায্য করবো।
