২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ১০০ কোটি মার্কিন ডলারের বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়

আগামী ২০০৭ সাল নাগাদ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক বাণিজ্যের পরিমাণ বাড়িয়ে ১০০ কোটি মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। গত বছরের সেপ্টেম্বর মাসে ঐ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2006, 09:32 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্র জানায়, এই সময়ের মধ্যে একটি যৌথ কার্যকরী কমিটি গঠন এবং তাদের কমপক্ষে দুটি বৈঠকে মিলিত হওয়ার কথা ছিল। কিন্তু ঐ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নীতিপরিকল্পনা নির্ধারণে উভয় সরকারের নির্লিপ্ততার কারণে তা ব্যর্থ হয়েছে। 

ইআরডি’র এক কর্মকতা বিডিনিউজকে বলেন, যৌথ কার্যকরী কমিটি (জেইসি) বৈঠকের তারিখ নির্ধারণের জন্য বাংলাদেশ পাকিস্তানকে একটি চিঠিও দিতে পারেনি। কারণ জেইসি প্রস্তাবিত বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দানকারী যুগ্ম সচিবের পদটি বর্তমানে শূণ্য আছে।

তবে নাম প্রকাশ না করার শর্তে ইআরডি’র অপর এক কর্মকর্তা বিডিনিউজকে বলেন, আগামী সপ্তাহের মধ্যে কোন একজনকে যুগ্ম সচিব (এশিয়া) পদে নিয়োগ দেওয়া হতে পারে। তখন বৈঠকের তারিখ নির্ধারণের জন্য পাকিস্তানকে একটি চিঠি পাঠানো হবে। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই) সভাপতি মীর নাসির হোসেন বিডিনিউজকে বলেন, ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যের পরিমাণ ১০০ কোটি মার্কিন ডলারে পৌঁছানো একটি উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা।

অন্য সবার মতো আমরাও আঞ্চলিক বাণিজ্যের পরিবর্তে বিশ্ব বাণিজ্যের দিকেই ধাবিত হচ্ছি।

প্রসঙ্গত এর আগে তৎকালীন বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী জেইসি’র বৈঠক শেষে সাংবাদিকদের বলেছিলেন, এই লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী ছিল না মোটেও, এটি ছিল যথাযথ ও অর্জনযোগ্য।