২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বহিঃসমুদ্রে তেল ও গ্যাস অনুসন্ধান: দরপত্র প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য যাচ্ছে

বহিঃসমুদ্রে তেল ও গ্যাস অনুসন্ধান চালাতে তৃতীয় দফা আন্তর্জাতিক দরপত্রের খসড়া আইন মন্ত্রণালয়ের যাচাই শেষে শিগগিরই প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2006, 05:59 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান এ ব্যাপারে বিডিনিউজকে সোমবার বলেন, আইন মন্ত্রণালয়ের যাচাই ও প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য খুব একটা সময় লাগবে না। মন্ত্রিপরিষদের দ্রুত চূড়ান্ত অনুমোদনের ব্যাপারেও আমরা আশাবাদী।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের সংশয়ের সাথে দ্বিমত পোষণ করে উপদেষ্টা বিডিনিউজকে বলেন, সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই গভীর সমুদ্রে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য দরপত্র ছাড়া হবে। যথাসময়ে এটি না হওয়ার কোনও কারণ নেই বলেও তিনি জানান।

পরবর্তী সরকার এ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে বলে উপদেষ্টা জানান।

রাষ্ট্রায়ত্ত তেল, গ্যাস ও খনিজ সম্পদ কোম্পানি পেট্রোবাংলা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদের পক্ষ থেকে প্রাথমিক কাজগুলো¡ সম্পন্ন করেছে বলে উপদেষ্টা উল্লেখ করেন।

সম্প্রতি হাইকোর্ট উৎপাদন লভ্যাংশ চুক্তির (পিএসসি) ব্যাপারে যে নিষেধাজ্ঞা জারি করেছিল তা দেশের স্বার্থের কথা বিবেচনা করে প্রত্যাহার করে নেওয়ায় এক্ষেত্রে এখন আর কোনও আইনি বাধা নেই।

বিডিনিউজের সাথে আলাপকালে মাহমুদুর রহমান বলেন, আমরা আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোকে দরপ্রস্তাবের জন্য আনুমানিক ছয় মাস সময় দেব।

তৃতীয় দফা দরপত্রের আওতায় বঙ্গোপসাগরে ২০ টি ব্লক তৈরি করা হয়েছে। এছাড়া পিএসসির বাইরে আটভাগে বিভক্ত চারটি অগভীর ব্লকও তৈরি করা হয়েছে। ব্লকগুলোর ২০০ নটিক্যাল মাইলের মধ্যে সিসমিক অনুসন্ধান চালানো হবে।

অগভীর সমুদ্রের গ্যাস ব্লকগুলো প্রতিটি ৫ হাজার থেকে ৫ হাজার ৫ শ’ কিলোমিটার করে হবে। এছাড়া গভীর সমুদ্র এলাকার গ্যাস ব্লকগুলোর প্রতিটি হবে ৩ হাজার ৩ শ’ কিলোমিটার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ (ইএমআরডি) মহাদেশীয় উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল বা ১ লাখ ৬ হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশের সমুদ্র এলাকায় মধ্যে হাইড্রোকার্বন অনুসন্ধান চালানোর জন্য তৃতীয় দফা দরপত্র আহ্বান করবে।

মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, ভারত, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া এবং চীন এ দরপত্র প্রক্রিয়ায় অংশ নেবে বলে ইএমআরডি আশা করছে।

ভারতের ওএনজিসি ও গেইল এবং দক্ষিণ কোরিয়া ও চীনের বেশকিছু কোম্পানি বাংলাদেশের বহিঃসমুদ্রে তেল ও গ্যাস অনুসন্ধানের ব্যাপারে তাদের আগ্রহ দেখিয়েছে।