ওরিয়েন্টাল ব্যাংকের এমডিকে অপসারণ, পরিচালনা পরিষদ বাতিল
বাংলাদেশ ব্যাংক (বিবি) এক বছরের জন্য ওরিয়েন্টাল ব্যাংকের পরিচালনা পরিষদ বাতিল করে দিয়েছে ও ব্যবস্থাপনা পরিচালককে অপসারণ করেছে। আমানতকারীদের স্বার্থ রক্ষার ব্যাপারে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হওয়ায় রোববার তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, আমানতকারীদের স্বার্থ রক্ষার দৃষ্টিকোণ থেকে তাদের ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় আমরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।
বাংলাদেশ ব্যাংক ২০০৬ সালের ১৯ জুন একজন প্রশাসক নিয়োগ এবং ওরিয়েন্টাল ব্যাংকের পরিচালনা পরিষদ ও ব্যবস্থাপনা পরিচালক সিএম কয়েস সামির প্রতি কারণ দর্শানোর নোটিস জারি করে। নোটিসে এক সপ্তাহের মধ্যে আমানতকারীদের স্বার্থ রক্ষায় ব্যর্থতার ব্যাপারে তাদের ব্যাখ্যা চাওয়া হয়।
ওই তারিখে কেন্দ্রীয় ব্যাংক সাময়িকভাবে ওরিয়েন্টাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে বরখাস্ত করে এবং পরিচালনা পরিষদ বাতিল করে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুর্শিদ কুলি খানকে ওই ব্যাংকের প্রশাসক নিয়োগ করা হয়।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা জানান, অনুরোধের পরিপ্রেক্ষিতে কারণ দর্শাও নোটিসের জবাব দিতে তাদের অতিরিক্ত আরও ২০ দিন সময় দেওয়া হয়।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা জানান, সামি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে তার অবস্থান সম্পর্কে ব্যাখ্যা প্রদান করলেও পরিচালনা পরিষদ কার্যত তাদের অবস্থান সুস্পষ্ট করতে পারেনি।
সিএএমইএল এর (মূলধনের পর্যাপ্ততা, সম্পদ দায়, ভালো ব্যবস্থাপনা, আয় ও তারল্য) আওতায় ব্যাংকটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা পাওয়ার জন্য বিভিন্ন দিক তুলে ধরে বাংলাদেশ ব্যাংকের আদেশে বলা হয়, ব্যাংকটির সামগ্রিক সিএএমইএল হার গত কয়েক বছর ধরে অব্যাহতভাবে অসন্তোষজনক থেকে গেছে।
ব্যাংক কোম্পানি আইনের ৪৬ এবং ৪৭ ধারা অনুসারে বাংলাদেশ ব্যাংক ওরিয়েন্টার ব্যাংকের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সূত্র জানিয়েছে, ওরিয়েন্টাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালনা পরিষদ চাইলে কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্ত সংশোধনের জন্য বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের কাছে আপিল করতে পারে।
ওরিয়েন্টাল ব্যাংক ১৯৯৪ সাল থেকে একটি সমস্যাকীর্ণ ব্যাংক হিসেবে চিহ্নিত। এর আগে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন উপলক্ষে বেশ ক’বার আর্থিক অবস্থার উন্নয়নে বেশ ক’টি চুক্তি করে। কিন্তু তিনবার মালিকানা বদল ছাড়া ব্যাংকটির অবস্থার কোনও উন্নতি হয়নি বলে বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়।
সূত্র আরও জানায়, ২০০১ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ওরিয়েন্টাল ব্যাংকের মোট লোকসান ছিল ৮৬ কোটি ৩০ লাখ টাকা। এ বছরের মার্চ মাসে লোকসানের মোট পরিমাণ ৪শ ৫০ কোটি টাকায় দাঁড়ায়। ২০০৬ সালের মার্চের শেষে এসে ব্যাংকটির মূলধনের অপ্রতুলতা ছিল ৮ শ ৭৭ কোটি টাকা।
