সিপিডি রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে: বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যানের অভিযোগ
বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহমুদুর রহমান রোববার স্থানীয় গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর বিরুদ্ধে দেশের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ এনেছেন।
ভ্রান্ত তথ্য উপস্থাপনের মাধ্যমে দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণœ করার অভিযোগেও তিনি সিপিডি’র নিন্দা করেন।
জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান অর্থনৈতিক রিপোটার্স ফোরাম (ইআরএফ) সদস্যদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।
তিনি দাবি করেন, সিপিডি তার গবেষণা ফেলোদের রাজনৈতিক কাজে অংশগ্রহণে বাধ্য করছে বলে তার কাছে তথ্য রয়েছে। বর্তমানে সিপিডি’র কার্যক্রম সঙ্গতিপূর্ণ কি--না, তা দেখা দরকার বলেও তিনি মন্তব্য করেন।
বাংলাদেশে ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত সরাসরি বিদেশী বিনিয়োগ এবং স্থানীয় বেসরকারি বিনিয়োগ পরিস্থিতি নিয়ে তিনি অর্থনৈতিক প্রতিবেদকদের সাথে ওই মতবিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ফোরাম সভাপতি জাকারিয়া কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক নাজমুল আহসান।
বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতি ব্যাখ্যা করে মাহমুদুর রহমান বলেন, আগামীতে যারা ক্ষমতায় আসবে বর্তমান সরকার তাদের জন্য সাড়ে দশ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ সম্ভাবনা রেখে যাচ্ছে।
শিল্প খাতের বর্তমান প্রবৃদ্ধি ধরে রাখতে পারলে ২০১৫ সালের মধ্যে বাংলাদেশে জিডিপি’র প্রবৃদ্ধি দুই অংকে পৌঁছাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
টাটার বিনিয়োগের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ব্যাপারটি আগামী সরকারের আমলে বাস্তবায়িত হবে।
রহমান বলেন, বৈশ্বিক প্রতিযোগিতা প্রতিবেদনে বাংলাদেশের যে অবস্থান নির্ণয় করা হয়েছে, তা চ্যালেঞ্জ করে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম এবং আঙ্কটাডকে গত বৃহস্পতিবার চিঠি দেওয়া হয়েছে।
বাংলাদেশের প্রচুর সাফল্য থাকা সত্ত্বেও এ প্রতিবেদনে ২০০৫ সালে বাংলাদেশের অবস্থান ছিলো ১১০ তম। এটি ২০০৪ সালে ছিলো ১০২ তম, ২০০৩ সালে ৯৮ তম এবং ২০০২ সালে ৭৭ তম।
তিনি বলেন, সিপিডি বাংলাদেশে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের প্রতিনিধিত্ব করে।
এ অবস্থান নির্ণয়ে সিপিডি’র পদ্ধতি হয় ভুল না হয় উদ্দেশ্যপ্রণোদিত ছিলো বলে তিনি দাবি করেন।
বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান সাংবাদিকদের জানান, প্রয়োজনীয় সকল তথ্য উপাত্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং আঙ্কটাডের কাছে পাঠানো হয়েছে।
সিপিডির বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি--না, এ প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান বলেন, আইনগত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব মন্ত্রিসভার।
এ বিষয়ে সিপিডি’র নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আগামী রোববার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি মাহমুদুর রহমানের অভিযোগের জবাব দেবেন।
