২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌথ বাণিজ্য পরিষদ গঠনে এফবিসিসিআই ও ইউক্রেন চেম্বারের ঐকমত্য

দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা উন্নয়নে একটি যৌথ বাণিজ্য পরিষদ গঠনের উদ্দেশ্যে শনিবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই) এবং ইউক্রেনের চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি একটি সমঝোতা স্মারক এ সাক্ষর করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2006, 09:12 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

ইউক্রেন চেম্বারের সফররত তিন সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের প্রধান ভি শেভলেভ এফবিসিসিআই এর কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় ওই চুক্তিতে সাক্ষর করেন।

এফবিসিসিআই এর সভাপতি মীর নাসির হোসেনের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সহ-সভাপতি দেওয়ান সুলতান আহমেদ, মোহাম্মদ আলী ও পরিচালক রউফ চৌধুরী।

ভি শেভলেভ বলেন, তারা বাংলাদেশের বিদ্যুৎ ও কৃষিজাত যন্ত্রপাতি খাতে বিনিয়োগ এবং বাংলাদেশী ওষুধজাত পণ্য, পাট, পাটজাত পণ্য ও চামড়া আমদানি বৃদ্ধি করতে গভীরভাবে আগ্রহী।

ইউক্রেনের চেম্বার প্রতিনিধি দল রোববার জুট মিল এসোসিয়েশনের কর্মকর্তাদের সাথে সাক্ষাত করবে বলেও তিনি জানান।

মীর নাসির হোসেন দুই দেশের মধ্যে আকাশ যোগাযোগ স্থাপনসহ সরাসরি যোগাযোগ এবং ভিসা প্রদান প্রক্রিয়া সহজতর করার উপর গুরুত্বারোপ করে বলেন, আমরা বর্তমানে হল্যান্ডের মধ্যে দিয়ে ইউক্রেনে হিমায়িত খাদ্য রপ্তানি করছি। দেশের বাণিজ্য বৃদ্ধির অফুরন্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও দুই দেশের মধ্যে কোন সরাসরি আকাশ যোগাযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।

চলতি বছরের মে মাসে ইউক্রেন সফরকালে এফবিসিসিআই প্রতিনিধি দল একই ধরনের একটি চুক্তি সাক্ষর করে।

বাংলাদেশ ২০০৪ - ০৫ অর্থবছরে ইউক্রেনে তৈরি পোশাক, ঔষুধজাত পণ্য, চামড়া ও পাট রপ্তানির মাধ্যমে ৯ দশমিক ২৫ মিলিয়ন ডলার আয় করে।

অপরদিকে একই অর্থবছরে বাংলাদেশ ইউক্রেন থেকে প্রক্রিয়াজাত সবজি ও ভারী লোহাসহ ১১ দশমিক ৭৯ মিলিয়ন ডলারের পণ্য আমদানী করে।