২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গত অর্থবছরে বিইপিজেডের রপ্তানি আয় ১,৮৩০ মিলিয়ন ডলার

দেশে বিভিন্ন রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলগুলোর (ইপিজেড) ২০০৫ - ০৬ অর্থবছরে আগের অর্থছরের তুলনায় মোট রপ্তানি আয় ১৮ দশমিক ২৩ শতাংশ বেড়ে ১ হাজার ৮৩০ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2006, 07:34 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) হিসেব অনুযায়ী, ২০০৪ - ০৫ অর্থবছরে ইপিজেডগুলো থেকে রপ্তানি আয়ের পরিমান ছিল ১ হাজার ৫৪৯ মার্কিন ডলার, যা দেশের মোট রপ্তানি আয়ের ১৭ দশমিক ৯০ শতাংশ।

ইপিজেডগুলো থেকে প্রধানত তৈরি পোশাক, বস্ত্র, তোয়ালে, তাঁবু, ইলেক্ট্রনিক সামগ্রী, জুতা, চামড়া রপ্তানি হয়ে থাকে।

ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ডিইপিজেড) প্রধান ব্যবস্থাপক এজেডএম আজিজুর রহমান বলেন, সকল ইপিজেডের মধ্যে চট্টগ্রাম ও ঢাকা ইপিজেড থেকে ৯০ শতাংশের বেশি রপ্তানি আয় আসছে । প্রতিষ্ঠার পর থেকে ২০০৬ সালের মে পর্যন্ত এ দুটি ইপিজেড থেকে রপ্তানি আয় হয়েছে যথাক্রমে ৬ হাজার ৮০২ মিলিয়ন এবং ৪ হাজার ৭৭৬ মিলিয়ন ডলার।

বেপজার হিসাব মতে, গত অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত সময়ের মধ্যে সবগুলো ইপিজেডে ৯১ মিলিয়ন ডলার বিনিয়োগ হয়।

এছাড়া ২০০৪ - ০৫ অর্থবছরে সব ইপিজেডগুলোতে এখন পর্যন্ত সর্বোচ্চ ১১৯ মিলিয়ন ডলার বিনিয়োগ হয়।

বেপজার এক কর্মকর্তা জানান, গত অর্থবছরে বিভিন্ন ইপিজেডে আমরা মোট ৩৬ টি শিল্প প্রতিষ্ঠানকে বিনিয়েগের অনুমোদন দিয়েছি। প্রতিষ্ঠানগুলো মোট ৫৪৩ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে। এর মধ্যে বিদেশি বিনিয়োগকারি সংখ্যা ২০টি, দেশি বিনিয়োগকারির  ১০ টি এবং যৌথ বিনিয়োগে স্থাপিত হচ্ছে ৬টি প্রতিষ্ঠান ।

তিনি বলেন, এসব কারখানার মধ্যে কিছু কারখানা তাদের উৎপাদন শুরু করেছে।

বেপজা জানায়, গত অর্থবছর পর্যন্ত ইপিজেডগুলোতে মোট ১ লাখ ৭৬ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।

সরকার সারা দেশে সাতটি ইপিজেড কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং কর্ণফুলী ইপিজেড এখনও বাস্তবায়নাধীন রয়েছে।