শিক্ষা খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনাই মূল্যবান সম্পদ অপচয়ের কারণ: সাইফুর
অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান মঙ্গলবার বলেছেন, শিক্ষা খাতে বেপরোয়া দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণেই মূল্যবান সম্পদের ব্যাপক অপচয় হচ্ছে।
ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থীদের অভ্যর্থনা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, শিক্ষাখাতে অর্থের অপব্যবহার পাঁচ শতাংশ কমাতে পারলে এ খাতে বরাদ্দ ২০ শতাংশ বাড়াতে পারব।
তিনি বলেন, সরকার শিক্ষাখাতে প্রতি বছর সর্বোচ্চ বরাদ্দ দিয়ে গেলেও শিক্ষাখাতের অব্যবস্থাপনা দেশকে গিলে ফেলছে।
তিনি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে না পারার জন্য সংশি¬ষ্ট কর্তৃপক্ষকে দায়ী করেন।
সাংসদ মোসাদ্দেক আলী ফালু’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রোয়েনা হোসেন।
অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন, টাকা কোনও সমস্যা নয়। অব্যবস্থাপনার কারণে দারিদ্র্য দূরীকরণ কৌশলের উদ্দেশ্য বাস্তবায়ন প্রক্রিয়াটি ব্যাহত হচ্ছে।
উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করার ব্যাপারে সরকারের পরিকল্পনা রয়েছে বলেও অর্থমন্ত্রী জানান। শিক্ষার্থীরা যাতে ছোটাছুটি করার জন্য পর্যাপ্ত জায়গা পায় সেজন্য বহুতল ভবন নির্মাণের ব্যাপারে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি তিনি আহ্বান জানান।
তিনি বলেন, প্রচুর শিক্ষার্থী আসছে, কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না।
