২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ থেকে আরো বেশি পণ্য আমদানি করতে ইউএই’র প্রস্তাব

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দুদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ থেকে আরো বেশি পরিমানে দক্ষ ও অদক্ষ জনশক্তি, তৈরী পোষাক, ওষুধ ও মানসম্মত জুতাসহ চামড়াজাত পণ্য আমদানি করার প্রস্তাব দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2006, 08:25 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

বাংলাদেশ ও ইউএই’র মধ্যে আমদানি ও রপ্তানী বৃদ্ধি, বাণিজ্য ঘাটতি হ্রাস ও বিনিয়োগ বাড়াতে অচিরেই দুদেশের মধ্যে একটি যৌথ কমিশন গঠন করা হচ্ছে।

বাংলাদেশ সফররত ইউএই’র ১০ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধি দল সোমবার বাণিজ্য মন্ত্রী হাফিজউদ্দিন আহমদের সাথে তার কার্যালয়ে বৈঠকে এ প্রস্তাব দেন।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আবুধাবি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (এডিসিসিআই) বোর্ড সদস্য খলিফা মোহাম্মদ আব্দুল আজিজ রুবাইয়া আল মুহাইরি, বাংলাদেশে ইউএই’র চাজ্য দ্য অ্যাফেয়ার্স হামাদ আল হাদিদ, ইউএই’র জাতীয় বিমান সংস্থা ইতিহাদের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটর আব্দুল ওয়াহিদ আল হামাদি প্রমুখ।

বৈঠকে বাণিজ্য সচিব ফিরোজ আহমেদও উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রতিনিধি দলের পক্ষে খলিফা মোহাম্মদ আব্দুল আজিজ জানান, বাংলাদেশে বিপুল পরিমান জনশক্তি রয়েছে; ইউএইতে রপ্তানী করে বিপুল পরিমান বৈদেশিক মূদ্রা আয় করতে পারে।

এছাড়া তারা বাংলাদেশ থেকে ওষুধ, জুতাসহ চামড়াজাত পণ্য এবং তৈরী পোষাক আমদানি করার প্রস্তাব দেন।

মন্ত্রী তাদের প্রস্তাবকে স্বাগতঃ জানান এবং ইউএই’র পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে প্রতিনিধি দলকে অনুরোধ করেন।

তিনি বলেন, ইউএই ও বাংলাদেশ দুটি বন্ধুপ্রতীম দেশ। এ ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হলে বাংলাদেশ তা বিবেচনা করবে।

বৈঠকে জানানো হয়, গত ২০০৪ -- ০৫ অর্থবছরে বাংলাদেশ ইউএই থেকে ১৪৭ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানী করেছে। একই সময়ে বাংলাদেশ ওই দেশে মাত্র ২২ দশমিক ৭০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানী করেছে। ফলে দুদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি ১২৪ দশমিক ৮৯ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

এর আগের বছরগুলোতে বাণিজ্য ঘাটতির পরিমান ছিল ২০০৩ -- ০৪ অর্থবছরে ৮৬ দশমিক ৭১ মিলিয়ন ডলার, ২০০২ -- ০৩ অর্থবছরে ৪১ দশমিক ৮৭ মিলিয়ন ডলার এবং ২০০১ -- ০২ অর্থবছরে ১৯ মিলিয়ন ডলার।

অবশ্য এরআগের ২০০০ -- ০১ অর্থবছরে বাংলাদেশ ৪০ দশমিক ৫০ মিলিয়ন ডলার বেশি রপ্তানী করে।