২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএই’র উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল রোববার ঢাকা আসবেন

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি শীর্ষ পর্যায়ের বিনিয়োগকারী এবং ব্যবসায়ী প্রতিনিধি দল ৩০-৩১ জুলাই বাংলাদেশ সফরে আসছে। আবুধাবি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বোর্ড অব ডিরেক্টরস - এর সদস্য খলিফা মোহাম্মদ আল মুহাইরি এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2006, 05:25 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

বিনিয়োগ বোর্ড (বিওআই) সূত্রে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের ১০ সদস্যের এই প্রতিনিধি দলটি রিয়েল এস্টেট, সম্পদের উন্নয়ন, পর্যটন, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স, অর্থনৈতিক কার্যক্রম, তেল ও গ্যাস, বিদ্যুৎ, অবকাঠামো এবং টেলিযোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বিনিয়োগ করতে আগ্রহী।

প্রতিনিধি দল ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং বিনিয়োগ বোর্ড (বিআইও) এর সদস্যদের সাথে আলোচনা করবেন। এ ছাড়া তারা ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এবং কিছু শিল্প এলাকা পরিদর্শন করবেন।

উল্লেখ্য, ইউএই’র বেশকিছু ব্যবসায়ী এরই মধ্যে বাংলাদেশে বিনিয়োগ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্যাংকিং এবং টেলিযোগাযোগ ব্যবস্থা ক্ষেত্রে ধাবি গ্র“প, অবকাঠামো এবং সম্পদ উন্নয়ন ক্ষেত্রে বেলহাসা গ্র“প এবং সিরামিকের ক্ষেত্রে রক গ্র“প।

বাংলাদেশে তেলের উর্ধ্বগতি এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সত্ত্বেও চলতি ২০০৫-০৬ অর্থবছরে শতকরা প্রায় ৭ ভাগ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন, জাপান, ইউএসএ, অস্ট্রেলিয়া এবং কানাডায় বাংলাদেশী পণ্য সম্পূর্ণ শুল্ক ও কোটামুক্ত হওয়ায় গত কয়েক বছর ধরে বেশকিছু সংখ্যক বহুজাতিক কোম্পানী বাংলাদেশে বিনিয়োগ করছে।

বাংলাদেশে ২০০৫ সালে বৈদেশিক বিনিয়োগ শতকরা ৮৪ ভাগ বৃদ্ধি পেয়ে তা ৮৪৫.৩ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ২০০৪ সালে এর পরিমাণ ছিল ৪৬০ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে সবচেয়ে বেশী বিনিয়োগ হয়েছে টেলিযোগাযোগ খাতে।