আর্থিক প্রতিষ্ঠানে কর্পোরেট গভর্নেন্স প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছে বাংলদেশ ব্যাংক, আইএফসি
বাংলাদেশ ব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইনান্স কর্পোরেশন (আইএফসি) বুধবার এক বৈঠকে যথাযথ সুফল পেতে সকল আর্থিক প্রতিষ্ঠানে কর্পোরেট গভর্নেন্স প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করে।
ঊর্ধ্বতন ব্যাংক কর্মকর্তাদের নিয়ে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে বিশ্ব ব্যাংকের বেসরকারি খাতভিত্তিক প্রতিষ্ঠান আইএফসি এবং বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক যৌথভাবে ‘কর্পোরেট গভর্নেন্স’ শীর্ষক আলোচনার আয়োজন করে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর রুমি এ আলী আলোচনার উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আইএফসি’র আবাসিক প্রতিনিধি (বাংলাদেশ, নেপাল ও ভূটান) কেলারহুগ বক্তব্য রাখেন।
আইএফসি’র ঊর্ধ্বতন কর্পোরেট গভর্নেন্স কর্মকর্তা ড. ম্যাক্সিন এল গার্ভে আলোচনা অনুষ্ঠানে ‘উত্তম যৌথ শাসন ব্যবস্থাই উত্তম বাণিজ্য’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
গার্ভে তার প্রবন্ধে সুশাসনের মাধ্যমে বহুপাক্ষিক বিনিয়োগ, প্রিমিয়াম ও ঋণের সুবিধার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, কোনও প্রতিষ্ঠান যৌথ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাইলে প্রতিষ্ঠানের উচিত সংখ্যালঘু শেয়ার হোল্ডারসহ সকল শেয়ার হোল্ডারদের অধিকার সুরক্ষিত করা। এছাড়া শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণসহ সত্যিকারের পরিবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠার ওপরও তিনি জোর দেন। এক্ষেত্রে তিনি উচ্চ পর্যায়ের স্বচ্ছতা ও প্রকাশ এবং শক্তিশালী ও সক্ষম পরিচালনা পরিষদের ওপর বিশেষ গুরুত্ব দেন। আইএফসি এক্ষেত্রে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী বলেও তিনি জানান।
আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শহীদ নোমান, যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম নজরুল ইসলাম, ব্যাংক এশিয়ার সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আনিসুল হক, সিটি ব্যাংক এনএ’র সিইও মামুন রশিদ, সাউথইস্ট ব্যাংকের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ আহমেদ।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান খান অংশ গ্রহণকারীদের শুভেচ্ছা জানান।
