দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ঠেকাতে স্বতন্ত্র একটি মন্ত্রণালয় বা সংস্থার প্রয়োজনীয়তার কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী মেজর (অব.) হাফিজউদ্দিন আহম্মেদ বীর বিক্রম।
রাজধানীতে আমেরিকান চেম্বার অব কর্মাস আয়োজিত ‘বাংলাদেশে বাণিজ্য- সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক অলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী একথা বলেন।
মুক্তবাজার আর্থনীতির এই বিশ্বে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ঠেকাতে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে না পারায় বাণিজ্যমন্ত্রী আক্ষেপ প্রকাশ করে বলেন, বাজার দর নিয়ন্ত্রণের দায়িত্ব মূলতঃ বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয়। এর জন্য স্বতন্ত্র একটি সংস্থা অথবা মন্ত্রণালয়ের প্রয়াজন রয়েছে।
তিনি জানান, প্রতিবেশী রাষ্ট্র ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের ওপর থাকেনা। বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধের দায়িত্ব নিতে পারে বলে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী আরো বলেন, সেক্ষেত্রে টিসিবি’কে আরো শক্তিশালী করে ঢেলে সাজানোর প্রয়োজন রয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের মূল দায়িত্ব সম্পর্কে জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, আমদানি ও রপ্তানি নীতি নির্ধারণের মাধ্যমে দেশের রপ্তানি বৃদ্ধি করাই বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব।
দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মজুদকারীদের বিরুদ্ধে এবং ক্রেতাসাধারণের সুবিধার্থে কোনোপ্রকার আইন না থাকায় দ্রব্যমূল্যের সাম্প্রতিক উর্ধ্বগতিতে সকল ক্রেতাই ভোগান্তিতে পড়ছেন বলে হাফিজউদ্দিন জানান। দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতি রোধকল্পে বর্তমান সরকারের আমলেই মজুদদারদের বিরুদ্ধে এবং ক্রেতাদের সুবিধার্থে দু’টি আইন প্রনয়নের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আমেরিকান চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এ্যান্ড্রু এল ফাউথ্রপের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যদের মধ্যে ঢাকাস্থ মার্কিন হাই কমিশনের রাজনৈতিক এবং অর্থনৈতিক কাউন্সেলর ডানডাস ম্যাককুলো, চেম্বারের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদ চেম্বারের কার্যকরী পরিচালক এ. গফুর প্রমুখ উপস্থিত ছিলেন।
